মধ্যপ্রাচ্যের যুদ্ধ বৈশ্বিক অর্থনীতিতে ধারাবাহিক প্রভাব ফেলবে। এমনকি মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ঘোষিত যুদ্ধবিরতি কার্যকর হলেও তা অব্যাহত থাকবে। এ কথা বলেছেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা। তিনি সতর্ক করে বলেন, যদি যুদ্ধবিরতি ভেঙে যায় এবং সংঘাত আরও তীব্র হয়, তাহলে ক্ষতির মাত্রা অনেক বেশি হবে।
বাঙ্গা মঙ্গলবার বলেন, একটি স্বাভাবিক পরিস্থিতিতে যেখানে যুদ্ধ দ্রুত শেষ হয়- বিশ্ব প্রবৃদ্ধি ০.৩ থেকে ০.৪ শতাংশ পয়েন্ট কমে যেতে পারে। তবে যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে এই ক্ষতি ১ শতাংশ পয়েন্ট পর্যন্ত পৌঁছাতে পারে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। তিনি আরও জানান, মূল্যস্ফীতি ২০০ থেকে ৩০০ বেসিস পয়েন্ট পর্যন্ত বাড়তে পারে। আর যুদ্ধ চলতে থাকলে এর প্রভাব আরও বেশি হয়ে ০.৯ শতাংশ পয়েন্ট পর্যন্ত পৌঁছাতে পারে।
বিশ্বব্যাংকের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, ২০২৬ সালে উদীয়মান ও উন্নয়নশীল দেশগুলোর প্রবৃদ্ধি ৩.৬৫ শতাংশ হতে পারে। যা অক্টোবরের ৪ শতাংশ পূর্বাভাসের তুলনায় কম। আর যুদ্ধ দীর্ঘ হলে এই হার নেমে ২.৬ শতাংশ পর্যন্ত হতে পারে।
অন্যদিকে, এই দেশগুলোতে মূল্যস্ফীতি ২০২৬ সালে ৪.৯ শতাংশে পৌঁছাতে পারে, যা আগে ৩ শতাংশ ধরা হয়েছিল। চরম পরিস্থিতিতে এটি ৬.৭ শতাংশ পর্যন্ত বেড়ে যেতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। সব মিলিয়ে, মধ্যপ্রাচ্যের সংঘাত বৈশ্বিক অর্থনীতিতে দীর্ঘমেয়াদি চাপ সৃষ্টি করতে পারে বলে সতর্ক করেছেন বিশ্বব্যাংক প্রধান।
