পশ্চিমবঙ্গে ক্ষমতা দখলে মরিয়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একের পর এক জনসভা করছেন দু’জনে। অমিত শাহ তো বলেই দিয়েছেন, তিনি নির্বাচনের সময় ১৫ দিন কলকাতায় থাকবেন। বিজেপি’র শীর্ষ নেতাদের মতে, এবার এই বাংলায় পরিবর্তন হবেই। মানুষ এবার দুর্নীতিগ্রস্ত তৃণমূল কংগ্রেস সরকারকে বিদায় দেবে। বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের তিন জেলায় তিনটি জনসভা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পূর্ব মেদিনীপুরের হলদিয়া, পশ্চিম বর্ধমানের আসানসোল এবং বীরভূমের সিউড়িতে জনসভায় ভাষণ দিয়েছেন। দক্ষিণবঙ্গে তৃণমূল কংগ্রেসের প্রভাবের দিকে লক্ষ্য রেখে এই জনসভাগুলোতে মোদি ভাষণে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে দুর্নীতি ও স্বজনপোষণের অভিযোগে সোচ্চার হয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, পাঁচ বছর আগে নন্দীগ্রাম পরিবর্তনের পথ দেখিয়েছিল। এবার তার পুনরাবৃত্তি হবে ভবানীপুরে। গোটা পশ্চিমবঙ্গে পরিবর্তন হবে। বৃহস্পতিবার তিনটি জনসভা সেরে মোদি চলে যাওয়ার পরে কলকাতায় পৌঁছেছেন অমিত শাহ। শুক্রবার পশ্চিম মেদিনীপুরের ডেবরায় একটি জনসভা এবং খড়্গপুরে একটি রোডশো করেছেন। শনিবারও বাঁকুড়ার ছাতনা এবং পুরুলিয়ার বাঘমুণ্ডিতে জনসভা করবেন। পশ্চিমবঙ্গ বিজেপি ইতিমধ্যে শাহের হাত দিয়ে ‘জনতার চার্জশিট প্রকাশ করেছে। রাজ্য সরকার তথা রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের কথা সেখানে তুলে ধরা হয়েছে। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের জন্য ইশতেহার প্রকাশ করেছে বিজেপি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শুক্রবার ইশতেহার প্রকাশ করে বলেন, বিজেপি ক্ষমতায় এলে ছয় মাসের মধ্যেই অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করা হবে। সেইসঙ্গে একগুচ্ছ ভাতা প্রদানের প্রতিশ্রুতি দেন। এখন ‘লক্ষ্মীর ভাণ্ডার’-এ তৃণমূল কংগ্রেস সরকার যে মাসিক ১,৫০০ টাকা দেয়, সেটা দ্বিগুণ করার প্রতিশ্রুতি দিয়েছে বিজেপি। একইভাবে ‘বেকার ভাতা’ও দ্বিগুণ করা হবে বলে দাবি করেছেন শাহ। বৃহস্পতিবার হলদিয়ার জনসভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ছয় গ্যারান্টি দিয়েছেন। মহিলাদের সুরক্ষা, ভয়ের পরিবর্তে ভরসা কায়েম করা, জনতার কাছে জবাবদিহি করা থেকে শুরু করে দুর্নীতিমুক্ত বাংলা গড়ার কথা বলেছেন। সেই সঙ্গে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, বিধানসভা নির্বাচনের পরে বিজেপি ক্ষমতায় এলে তৃণমূল কংগ্রেসের একজনও দুর্নীতিবাজকে ছাড়া হবে না। মন্ত্রী থাকুন বা যেই হন, তাকে জেলে পুরে দেয়া হবে। ডবল ইঞ্জিন সরকারের পক্ষে ওকালতি করে মোদি দাবি করেন, প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী এক সঙ্গে কাজ করলেই বাংলার লাভ, তাই রাজ্যে চাই ডবল ইঞ্জিন সরকার। মোদি বলেন, যার যা অধিকার, সেটাই দেবে বিজেপি। এটাই মোদির গ্যারান্টি। বিজেপি সরকার সংবিধান অনুযায়ী কাজ করবে বলেও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
পশ্চিমবঙ্গে ক্ষমতা দখলে মরিয়া মোদি-শাহ প্রধানমন্ত্রী গ্যারান্টি বিলি করছেন
পরিতোষ পাল, কলকাতা
১১ এপ্রিল (শনিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
