সাকিব আল হাসানকে দেশে ফেরানো নিয়ে দেশের ক্রিকেটাঙ্গনে আলোচনা-সমালোচনার শেষ নেই। সদ্য বিদায়ী আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ড সাকিবকে ফেরানোর আশ্বাস দিলেও তা আলোর মুখ দেখেনি। এ নিয়ে গতকাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে কথা বলেছেন ক্রিকেটার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)-এর সভাপতি মোহাম্মদ মিঠুন। তার মতে, সাকিবের ফেরা নিয়ে আগের বোর্ড ‘স্ট্যান্ডবাজি’ করেছে।
সাকিবের দেশে ফেরা প্রসঙ্গে আশাবাদ ব্যক্ত করেন মিঠুন। তার বিশ্বাস, সঠিক প্রক্রিয়ায় এগোলে সাকিবের দেশে ফেরা সম্ভব। মিঠুন বলেন, ‘সাকিবের দেশে ফেরা সম্ভব- আমি অবশ্যই বিশ্বাস করি। তবে এখানে সরকারের কিছু নমনীয়তা প্রয়োজন। তার যেসব মামলা বা বিষয় আছে, সেগুলো কীভাবে সমাধান করা যায় সে বিষয়ে আগে কাজ করতে হবে। ক্রিকেটের দিক থেকে তার সক্ষমতা নিয়ে কারও কোনো সন্দেহ নেই। তিনি যদি প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ করে দেশে ফিরতে পারেন, তাহলে বাংলাদেশের প্রতিটি দর্শক ও মানুষ খুশি হবে।’
সাকিব ইস্যুকে দীর্ঘ সময় ধরে ঝুলিয়ে রাখার পেছনে স্বার্থান্বেষী মহলের হাত দেখছেন মিঠুন। তিনি সরাসরি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘এই বিষয়টি নিয়ে অনেক কথা হয়েছে। আমার ব্যক্তিগত মনে হয়েছে, সাকিব ভাইয়ের বিষয়ে বাস্তব কাজের চেয়ে ‘স্ট্যান্ডবাজি’ই বেশি হয়েছে। অনেকেই শুধু সংবাদে আসার জন্য তার নাম ব্যবহার করেছেন।’ বর্তমানে বিসিবি পরিচালিত হচ্ছে তামিম ইকবালের নেতৃত্বাধীন ১১ সদস্যের অ্যাডহক কমিটি দিয়ে। এই কমিটি আগামী তিন মাসের মধ্যে বিসিবি নির্বাচন আয়োজন করবে। অ্যাডহক কমিটির দায়িত্ব নেয়ার পর তামিমের কাজে মুগ্ধ মিঠুন। তিনি বলেন, ‘তামিম ভাই এবং তার নেতৃত্বে যে কমিটি এসেছে, তারা দায়িত্ব নেয়ার পর থেকেই যেভাবে কাজ শুরু করেছেন এবং যেসব গুরুত্বপূর্ণ জায়গায় হাত দিয়েছেন, তাতে আমি আশাবাদী। আমার বিশ্বাস, সময়ের সঙ্গে সঙ্গে বাংলাদেশের ক্রিকেট নিয়ে দীর্ঘদিনের যে আশা এবং আক্ষেপ রয়েছে, সেগুলোর অনেকটাই পূরণ হবে।’
সাকিবের দেশে ফেরা ও তামিমের নেতৃত্ব নিয়ে যা বললেন মিঠুন
স্পোর্টস রিপোর্টার
১১ এপ্রিল (শনিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
