জ্বালানি সংকটের প্রভাবে সৈয়দপুরে নিত্যপণ্যের বাজারে অস্থিরতা

ফন্ট সাইজ:

মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে জ্বালানি সংকটে সারা দেশের মতো নীলফামারীর সৈয়দপুরের বাজারেও চরম অস্থিরতা দেখা দিয়েছে। কাঁচা শাক-সবজিসহ নিত্যপ্রয়োজনীয় প্রায় সকল পণ্যের মূল্য কিছু না কিছু করে বেড়েছে। এতে করে সাধারণ মানুষ সংসার পরিচালনা নিয়ে মারাত্মক বিপাকে পড়েছেন। খোঁজ নিয়ে জানা যায়, গত কয়েক সপ্তাহ ধরে দেশে জ্বালানি তেলের চরম সংকট দেখা দেয়। জ্বালানি তেল সংকটে মানুষ উদ্বিগ্ন হয়ে পড়েছেন। সকল প্রকার যানবাহন চালকরা চাহিদা কিংবা প্রয়োজনীয় তেল সংগ্রহে এক পাম্প থেকে আরেক পাম্পে হন্যে হয়ে ঘুরছেন। দীর্ঘ সময় দীর্ঘ লাইনে দাঁড়িয়েও পর্যাপ্ত পরিমাণে তেল সংগ্রহ করতে পারছেন না। এর আগে গত কয়েক বছরেও দেশে জ্বালানি তেলের এমন সংকট আর দেখা যায়নি। তাই জ্বালানি সংকটে সারা দেশের মতো নীলফামারীর সৈয়দপুর শহরে সকল প্রকার নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে। গত মৌসুম থেকে আলুর দাম নেই। আলু চাষ করে কৃষকরা লোকসান গুনছে। কিন্তু গত পক্ষকাল থেকে জ্বালানি সংকটে কিছুটা হলেও আলুসহ কাঁচা তরিতরকারির দাম বেড়ে গেছে। বর্তমানে এখানে দেশি জাতের আলু প্রতি কেজি ২০ থেকে ২২ টাকা এবং কার্ডিনাল আলু ৭ থেকে ৮ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। সেইসঙ্গে বেগুন, শজনে, করলা, পটোল, শসা, লাউ, পেঁপে, বরবটি, পিয়াজসহ সকল প্রকার কাঁচা তরিতরকারির দাম কেজিতে ৫ টাকা থেকে ১০ টাকা পর্যন্ত বেড়েছে। অন্যদিকে তেল সংকটে পড়ে মোটরসাইকেল মালিকরাও চরম বিপাকে পড়েছে। এক লিটার জ্বালানি তেল সংগ্রহে ফিলিং স্টেশনে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে। অনেক সময় তাও আবার তেল মিলছে না। এতে করে মোটরসাইকেল শোরুমগুলোতে বিক্রিতে ধস নেমেছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন