সুনামগঞ্জের হাওর অধ্যুষিত জামালগঞ্জ উপজেলার গুরুত্বপূর্ণ বাজারগুলো দীর্ঘদিনের অবহেলা ও অব্যবস্থাপনায় কার্যত ধুঁকছে। কাঁচা ও ভাঙাচোরা সড়ক, অকার্যকর ড্রেনেজ ব্যবস্থা এবং প্রয়োজনীয় অবকাঠামোর অভাবে স্থবির হয়ে পড়েছে এসব বাণিজ্যকেন্দ্র। প্রতি বছর কোটি কোটি টাকার রাজস্ব আদায় হলেও বাজার উন্নয়নে দৃশ্যমান অগ্রগতি না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ। ২০২২ সালের ভয়াবহ বন্যায় উপজেলার অধিকাংশ বাজার তলিয়ে যায়। প্রবল স্রোতে ক্ষতিগ্রস্ত হয় বাজারসংলগ্ন সড়ক ও স্থাপনা। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনো সেই ক্ষত কাটিয়ে উঠেনি বাজারগুলো। উপজেলার সাচনা, জামালগঞ্জ, কলকতখা, নোওয়াগাঁও, ভীমখালি, রামনগর, মান্নানঘাটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বাজারে একই চিত্র দেখা গেছে। সরজমিন দেখা যায়, অধিকাংশ বাজারে প্রবেশের প্রধান সড়কগুলো কাঁচা কিংবা মারাত্মকভাবে ভাঙাচোরা। সামান্য বৃষ্টিতেই সড়ক কর্দমাক্ত হয়ে পড়ে এবং কোথাও কোথাও পানি জমে থাকে। ফলে ব্যাহত হচ্ছে যানবাহন চলাচল, বাড়ছে পরিবহন ব্যয়। কলকতখা বাজারের ব্যবসায়ী মিহির রায় বলেন, সড়কের বেহাল অবস্থার কারণে পণ্য পরিবহন খরচ বেড়ে গেছে। এতে বাধ্য হয়ে বাড়তি দামে পণ্য বিক্রি করতে হয়। কাদাপানির কারণে ক্রেতা উপস্থিতিও কমে যায়। নিজাম উদ্দিন অভিযোগ করেন, বছরের পর বছর একই অবস্থা বিরাজ করছে, কিন্তু উন্নয়নের কোনো কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না। নোওয়াগাঁও বাজারের ব্যবসায়ী সোহাগ মিয়া জানান, ড্রেনেজ ব্যবস্থা না থাকায় অল্প বৃষ্টিতেই বাজার পানিতে তলিয়ে যায়। এতে স্বাভাবিকভাবে ব্যবসা পরিচালনা করা সম্ভব হয় না এবং অনেক সময় পণ্য নষ্ট হয়ে লোকসান গুনতে হয়। জসীম উদ্দিন বলেন, বাজারে আসতে কাদাপানির মধ্যদিয়ে চলতে হয়, যা চরম ভোগান্তির। স্বাভাবিকভাবে দাঁড়িয়ে কেনাকাটা করার মতো পরিবেশ নেই। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুশফিকুননূর বলেন, জামালগঞ্জ থেকে প্রতি বছর বিপুল পরিমাণ রাজস্ব আদায় হয়, যার একটি অংশ বাজার উন্নয়নের জন্য বরাদ্দ থাকে। তবে বাজার কর্তৃপক্ষ বা জনপ্রতিনিধিদের পক্ষ থেকে এখনো কোনো লিখিত আবেদন বা প্রস্তাবনা পাওয়া যায়নি। প্রস্তাবনা পেলে যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। স্থানীয়দের দাবি, দ্রুত বাজারগুলোর সড়ক সংস্কার, কার্যকর ড্রেনেজ ব্যবস্থা চালু এবং আধুনিক অবকাঠামো গড়ে তুলতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি পদক্ষেপ প্রয়োজন। অন্যথায় এসব বাজার ক্রমেই তাদের কার্যকারিতা হারাবে এবং এর নেতিবাচক প্রভাব পড়বে পুরো অঞ্চলের অর্থনীতিতে।
কোটি টাকার রাজস্বের পরও বেহাল দশা
অবহেলায় ধুঁকছে জামালগঞ্জের প্রধান বাজারগুলো
জামালগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি
১১ এপ্রিল (শনিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
