বাংলাদেশ সফরে জোড়া পরিবর্তন নিউজিল্যান্ড দলে

বাংলাদেশ সফরে জোড়া পরিবর্তন নিউজিল্যান্ড দলে

ফন্ট সাইজ:

বাংলাদেশ সফরের আগমুহূর্তে ধাক্কা খেলো নিউজিল্যান্ড। চোটের কারণে ওয়ানডে ও টি-টোয়েন্টি উভয় স্কোয়াড থেকেই ছিটকে গেছেন উদীয়মান অলরাউন্ডার ক্রিস্টিয়ান ক্লার্ক। তার জায়গায় দুই বছর পর জাতীয় দলে ডাক পেয়েছেন বাঁহাতি পেসার বেন লিস্টার। এদিকে পাকিস্তান সুপার লীগে (পিএসএল) বদলি হিসেবে দল পাওয়ায় ওয়ানডে সিরিজে খেলবেন না বেন সিয়ার্স

ক্লার্কের দুর্ভাগ্যের শুরু শ্রীলঙ্কায়। নিউজিল্যান্ড ‘এ’ দলের হয়ে বর্তমানে সেখানে অবস্থান করছেন ক্লার্ক। লঙ্কান ‘এ’ দলের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ক্যাচ ধরতে গিয়ে ডান হাতের তালুর চামড়া ফেটে যায় ২৫ বছর বয়সী তারকার। এই চোটই আসন্ন বাংলাদেশ সফর থেকে ছিটকে দিলো তাকে। বছরের শুরুতে ভারত সফরে উজ্জ্বল পারফরম্যান্স করে নির্বাচকদের নজর কাড়েন ক্লার্ক। তবে শেষ পর্যন্ত চোটের কাছেই হার মানতে হলো তাকে। ক্লার্কের বদলে দলে বেন লিস্টার আসলেও, পেসার বেন সিয়ার্সকে নিয়ে রয়েছে ভিন্ন খবর। পিএসএলে রাওয়ালপিন্ডিজের সঙ্গে চুক্তিবদ্ধ থাকায় বাংলাদেশ সফরের ওয়ানডে সিরিজে থাকছেন না তিনি। নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড (এনজেডসি) জানিয়েছে, ওয়ানডেতে সিয়ার্সের বদলে নতুন কাউকে নেয়া হচ্ছে না। তবে টি-টোয়েন্টি সিরিজের শুরুতেই দলের সঙ্গে যোগ দেয়ার কথা রয়েছে তার।

দেশের জ্বালানি সংকট মোকাবিলায় বিদ্যুৎ সাশ্রয় করতে ম্যাচ শুরুর সময়ে বড় পরিবর্তন আনা হয়েছে। সংশোধিত সূচি অনুযায়ী, ওয়ানডে ম্যাচগুলো দুপুর ৩টার পরিবর্তে শুরু হবে সকাল ১১টায়। টি-টোয়েন্টি ম্যাচগুলো সন্ধ্যা ৬টার বদলে মাঠে গড়াবে দুপুর ২টায়।

টম ল্যাথামের নেতৃত্বে ম্যাথু ফিশার, উইল ওরুর্ক এবং ব্লেয়ার টিকনারের মতো চোট কাটিয়ে ফেরা পেসারদের নিয়ে গড়া কিউই দল ঢাকায় পা রাখবে ১৩ই এপ্রিল। ১৭ ও ২০শে এপ্রিল মিরপুরে প্রথম দুই ওয়ানডে খেলে ২৩শে এপ্রিল চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের শেষ ম্যাচটি খেলবে তারা। সেখানেই ২৭শে এপ্রিল থেকে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। ২০শে এপ্রিল সেখানে দ্বিতীয় ম্যাচ খেলে ২রা মে মিরপুরে সিরিজের শেষ টি-টোয়েন্টি খেলবে দু’দল।

নিউজিল্যান্ডের বাংলাদেশ সফরের স্কোয়াড:
ওয়ানডে দল: টম ল্যাথাম (অধিনায়ক), মোহাম্মদ আব্বাস, আদিত্য অশোক, বেন লিস্টার, জশ ক্লার্কসন, ডেন ক্লিভার, ডিন ফক্সক্রফট, নিক কেলি, জেডেন লেনক্স, হেনরি নিকোলস, উইল ওরুর্ক, নাথান স্মিথ, ব্লেয়ার টিকনার, উইল ইয়াং।
টি-টোয়েন্টি দল: টম ল্যাথাম (অধিনায়ক), কাটিন ক্লার্ক, বেন লিস্টার, জশ ক্লার্কসন, ডেন ক্লিভার, ম্যাট ফিশার, ডিন ফক্সক্রফট, বেভন জ্যাকবস, নিক কেলি, জেডেন লেনক্স, টিম রবিনসন, বেন সিয়ার্স, নাথান স্মিথ, ইশ সোধি, ব্লেয়ার টিকনার।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন