বেইজিংয়ে শি জিনপিংয়ের সঙ্গে তাইওয়ানের বিরোধী নেতার বৈঠক

ফন্ট সাইজ:

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বেইজিংয়ে তাইওয়ানের প্রধান বিরোধী দল কুওমিনতাং এর নেতা চেং লি-উনের সঙ্গে বৈঠক করেছেন। এক দশকের মধ্যে প্রথমবারের মতো কেএমটির কোনো বর্তমান নেতা চীন সফর করলেন। খবর বিবিসি’র।

শুক্রবার গ্রেট হল অব দ্য পিপলে অনুষ্ঠিত এই বৈঠকে উভয় পক্ষই তাইওয়ান প্রণালিতে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার গুরুত্বের ওপর জোর দেয়।

শি জিনপিং বলেন, আমাদের দুই দলের এই বৈঠকের লক্ষ্য হলো শান্তি ও স্থিতিশীলতা রক্ষা করা, পারস্পরিক সম্পর্কের শান্তিপূর্ণ উন্নয়ন নিশ্চিত করা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলা। তিনি আরও বলেন, তাইওয়ানের স্বাধীনতার বিরোধিতাকে ভিত্তি করে চীন সব পক্ষের সঙ্গে সংলাপ জোরদার করতে প্রস্তুত।

জবাবে চেং লি-উন বলেন, চীনা জাতির পুনরুত্থান উভয় পক্ষের মানুষের অভিন্ন আকাঙ্ক্ষা এবং এ ধরনের উদ্যোগ বিশ্ব শান্তি ও মানব অগ্রগতিতে ইতিবাচক ভূমিকা রাখবে।

তবে এই সফর নিয়ে তাইওয়ানের ক্ষমতাসীন ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টি (ডিপিপি) সমালোচনা করেছে। তারা অভিযোগ করেছে, চেং বেইজিংয়ের প্রতি ‘অত্যধিক অনুগত’ আচরণ করছেন।

উল্লেখ্য, ২০১৬ সালে ডিপিপি নেতা সাই ইং-ওয়েন প্রেসিডেন্ট হওয়ার পর থেকে চীন তাইওয়ানের সঙ্গে উচ্চপর্যায়ের যোগাযোগ বন্ধ করে দেয়, কারণ তিনি ‘এক চীন নীতি’ সমর্থন করেননি।

চীন তাইওয়ানকে নিজেদের ভূখণ্ডের অংশ হিসেবে দাবি করে প্রয়োজনে শক্তি প্রয়োগের হুমকি দিয়ে আসছে। অন্যদিকে, তাইওয়ানের অধিকাংশ মানুষ নিজেদের একটি স্বতন্ত্র রাষ্ট্র হিসেবে বিবেচনা করলেও, তারা বর্তমান পরিস্থিতি বজায় রাখার পক্ষেই বেশি ঝুঁকে রয়েছে।

বিশ্লেষকদের মতে, এই বৈঠক তাইওয়ান প্রণালিতে চলমান উত্তেজনার মধ্যে একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক ইঙ্গিত বহন করছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন