টেকনাফে অজ্ঞাত ব্যক্তির খণ্ডিত মরদেহ উদ্ধার

ফন্ট সাইজ:

টেকনাফে মেরিন ড্রাইভ সংলগ্ন বাহারছড়া ইউনিয়নে অজ্ঞাত এক ব্যক্তির খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ কচ্ছপিয়া এলাকার হোছনী খালের একটি কালভার্টের নিচ থেকে ছয়টি বস্তায় ভরা শরীরের বিভিন্ন অংশ উদ্ধার করা হয়।
​স্থানীয় সূত্রে জানা গেছে, দক্ষিণ কচ্ছপিয়া এলাকায় কালভার্টের নিচে কয়েকটি সন্দেহজনক বস্তা পড়ে থাকতে দেখে এলাকাবাসীর মনে খটকা লাগে। পরে তারা বিষয়টি পুলিশকে অবহিত করলে বাহারছড়া তদন্ত কেন্দ্রের পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ গিয়ে বস্তাগুলো খুলে ভেতরে একজন মানুষের শরীরের বিভিন্ন খণ্ডিত অংশ দেখতে পায়।
​পুলিশ জানায়, ঘাতকরা মরদেহটি টুকরো টুকরো করে ছয়টি পৃথক বস্তায় ভরে কালভার্টের নিচে ফেলে রেখে যায়। পরে পুলিশ সবকটি খণ্ড উদ্ধার করে একত্র করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে।
​বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ দুর্জয় বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহের খণ্ডগুলো উদ্ধার করি। এখন পর্যন্ত নিহতের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। কারা বা কেন এই নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছে তা উদ্ঘাটনে পুলিশ কাজ শুরু করেছে। ​তিনি আরও জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের রিপোর্ট এবং তদন্তের পর বিস্তারিত জানা যাবে। ​এদিকে কালভার্টের নিচে বস্তাবন্দি এমন বিভীষিকাময় মরদেহ উদ্ধারের ঘটনায় পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্কের সৃষ্টি হয়েছে। অপরাধীদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন