বিসিবিকে ‘বাপের দোয়া ক্রিকেট বোর্ড’ বললেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহ। গতকাল জাতীয় সংসদ অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বাক্যবিনিময় হয়। একটি বিল পাসের আলোচনায় অংশ নিয়ে বিসিবির তীব্র সমালোচনা করেন হাসনাত। তিনি দেশের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থাকে ‘বাপের দোয়া ক্রিকেট বোর্ড’ আখ্যা দিয়ে এর বর্তমান কাঠামো নিয়ে প্রশ্ন তোলেন। তার দাবি, নানাভাবে দেশের গুরুত্বপূর্ণ এই ক্রীড়া প্রতিষ্ঠানটিকে সম্পূর্ণ দখল করা হয়েছে। এর জবাবে চুপ থাকেননি স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন। তিনি এই অভিযোগ সরাসরি খারিজ করে দেন। উল্টো তিনি জানান, বিসিবিতে কোনো দখলদারিত্ব নেই। বরং দেশের কিংবদন্তি ক্রিকেটার তামিম ইকবালের নেতৃত্বে বোর্ড সঠিক পথেই চলছে। হাসনাতের মন্তব্যের
সূত্র ধরে সালাহউদ্দিন বলেন, ‘আজকে সংসদ সদস্যের কল্যাণে দেখলাম বাপের দোয়া কমিটিও আছে!’ অন্যদিকে হাসনাত তার বক্তব্যে অভিযোগ করে বলেন, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখন আর নাই, এটা হয়ে গেছে বাপের দোয়া ক্রিকেট বোর্ড।’ এই পাল্টাপাল্টি মন্তব্যে গতকাল সংসদ উত্তপ্ত হয়ে ওঠে। মানবাধিকার কমিশন ইস্যু নিয়েও সংসদে দুই পক্ষের মধ্যে তীব্র কথার লড়াই চলে। হাসনাতের শঙ্কা, কমিশনটি পুরোপুরি দলীয়করণের দিকে এগোচ্ছে। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, ‘বিসিবির মতো আমরা আবার বাপের দোয়া কমিশন দেখতে চাই না।’ তার মতে, অতীতের মতোই বিরোধীদের দমনে এসব প্রতিষ্ঠান ব্যবহৃত হতে পারে। শুধু বিসিবি নয়, বাংলাদেশ ব্যাংকসহ অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে নগ্নভাবে দখলের অভিযোগ আনেন হাসনাত। তবে এসব অভিযোগ উড়িয়ে দেন স্বরাষ্ট্রমন্ত্রী। বিগত সরকারের তৈরি করা আইনকে ‘বালখিল্যপনা’ উল্লেখ করে তিনি কড়া জবাব দেন। সালাহউদ্দিন নিজের অবস্থানে অনড় থেকে বলেন, ‘বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ ব্যাংক কারা দখল করেছিল, তা এদেশের মানুষ জানে।’ তিনি আরও দাবি করেন, আন্তর্জাতিক মানসম্পন্ন স্বাধীন মানবাধিকার কমিশন গঠনে তারা কাজ করছেন। আগের মতো কোনো ফ্যাসাদে সরকার জড়াতে চায় ছল। ফলে সংসদে উত্তপ্ত বিতর্ক আরও তীব্র হয়। ক্রিকেট বোর্ডে কীভাবে পটপরিবর্তন হলো, সেই বিষয়ে স্পষ্ট ব্যাখ্যাও দেন সালাহউদ্দিন। আগের কমিটির সমালোচনা করে সালাহউদ্দিন জানান, অন্তর্ববর্তীকালীন সময়ে ক্ষমতা খাটিয়ে সারা দেশে জেলা কমিটি প্রভাবিত করা হয়েছিল। সেই অনিয়ম তদন্ত করে বের করেছে বর্তমান সরকার। এখন তামিমকে প্রধান করে নতুন কমিটি গড়া হয়েছে। তিনি বলেন, ‘আমরা কোনো বাপের দোয়া মায়ের দোয়া করি নাই।’
