বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর প্রথম ভারত সফরে বুধবার ভারতের পররাষ্ট্র মন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক হয়েছে। তবে এই বৈঠকের শেষে জয়শঙ্করের সঙ্গে ড. খলিলুর রহমান একান্তে দ্বিপাক্ষিক সম্পর্ক ও আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। অবশ্য পারস্পরিক শ্রদ্ধা, আস্থা ও স্বার্থের ভিত্তিতে দ্বিপাক্ষিক সম্পর্কের স্থিতিশীলতা ও ধারাবাহিক উন্নয়নের বিষয়গুলি নিয়ে যে আলোচনা হবে তা আগেই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছিল। আরও জানানো হয়েছিল, সহযোগিতার ক্ষেত্রগুলো যাতে আরও ফলপ্রসূ ও টেকসই করে তোলা যায় তার ভিত্তি রচনার চেষ্টা করা হবে।
বুধবার দুপুরে দিল্লির হায়দরাবাদ হাউসে জয়শঙ্করের সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের আনুষ্ঠানিক বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে। দুই দেশের প্রতিনিধিরা ছাড়াও জয়শঙ্করের সঙ্গে বৈঠকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরও উপস্থিত ছিলেন। তিনি পররাষ্ট্রমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে দিল্লি সফরে গেছেন।
এদিন সকালে ভারতের কয়েকজন সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে প্রাতরাশ সভায় যোগ দেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। বিকেলে ভারতের বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল এবং পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরীর সঙ্গে তিনি বৈঠক করেন। এই বৈঠক দুটিতে দ্বিপাক্ষিক বাণিজ্যের আরোপিত বাধা সমূহ অপসারণ ও জ্বালানি সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।
মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী তিন দিনের ভারত সফরে আসেন। বিমানবন্দরে তাকে স্বাগত জানান ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। রাতেই দোভালের দেওয়া নৈশভোজে যোগ দেন খলিলুর রহমান। দোভালের সঙ্গে বৈঠকে আঞ্চলিক ও আন্তর্জাতিক কৌশলগত পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে। দোভাল ও রহমানের মধ্যে আলোচনায় ভারত-বাংলাদেশ সম্পর্কের বিভিন্ন দিকও উঠে এসেছে, যার মূল লক্ষ্য ছিল সম্পর্কে একটি নতুন গতি সঞ্চার করা বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। তবে এই বৈঠকের বিষয়ে সরকারিভাবে কিছুই জানানো হয় নি।
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সফর নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার সমাজমাধ্যমে এক পোস্টে বলেছে, এই সফর দুই দেশের অংশীদারি শক্তিশালী করবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানিয়ে বলেছেন, ভারত ও বাংলাদেশের মানুষের পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে দুই দেশের ঐতিহাসিক ও উষ্ণ সম্পর্ক গড়ে উঠেছে।
বৃহষ্পতিবার সকালে মরিশাসের উদ্দেশে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী ভারত মহাসাগর সম্পর্কিত সম্মেলনে যোগ দিতে দিল্লি ছাড়বেন। ১১ ও ১২ এপ্রিল মরিশাসের রাজধানী পোর্ট লুইসে এই সম্মেলন অনুষ্ঠিত হবে।
