বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনকে কেন্দ্র করে মাঠের লড়াই এবার ভিন্ন মোড় নিয়েছে। বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশার নেকাব’ সংক্রান্ত একটি মন্তব্যকে কেন্দ্র করে উত্তাল বগুড়া শহর। বক্তব্যের প্রতিবাদে বুধবার দুপুরে শত শত হিজাব ও নেকাব পরিহিতা নারী রিটার্নিং অফিসার এবং জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেন। এর আগে আগামীকাল বৃহস্পতিবারের উপনির্বাচনকে সামনে রেখে বুধবার দুপুরে বগুড়া প্রেসক্লাবে এক জরুরি সংবাদ সম্মেলন ডাকেন বিএনপি প্রার্থী বাদশা। সেখানে তিনি মন্তব্য করেন-যেসব নারী নেকাব পরে ভোট দিতে যাবেন, তাদের নেকাব খুলে দেখতে হবে। যারা পোলিং এজেন্ট থাকবেন, তারা চেহারা না দেখে কাউকে ভোট দিতে দেবেন না। এই বক্তব্যের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে নারীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। নেকাবধারী নারীরা মিছিল নিয়ে জেলা নির্বাচন অফিস ঘেরাও করে রিটার্নিং অফিসারের কাছে তাদের ক্ষোভের কথা জানান। আন্দোলনকারী নারীরা দাবি করেন-এটি পর্দানশীন নারীদের ব্যক্তিগত ও ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ। এরপর বিক্ষোভ মিছিলটি জেলা প্রশাসকের কার্যালয়ে যায়। সেখানে জেলা প্রশাসকের কাছেও লিখিত অভিযোগ জমা দেয়া হয়। বিক্ষুব্ধ নারীরা বক্তব্য প্রত্যাহার এবং নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে তার শাস্তির দাবি জানান। বিক্ষোভ সমাবেশে বক্তব্যে বগুড়া সদর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান এবং মহিলা জামায়াতের কেন্দ্রীয় নেত্রী মিসেস সাজেদা সামাদ বলেন-ধানের শীষের প্রার্থী নেকাব নিয়ে যা বলেছেন, তা পর্দানশীন নারীদের জন্য চরম অবমাননাকর। তিনি একদিকে নারীদের অপমান, অন্যদিকে ইসলামের ফরজ বিধানের বিরোধিতা করে ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছেন। আমরা অবিলম্বে তার বক্তব্য প্রত্যাহার ও শাস্তি দাবি করছি। অন্যথায় ব্যালটের মাধ্যমে নারী ভোটাররা এর সমুচিত জবাব দেবে। এসময় জেলা সিনিয়র রিটার্নিং অফিসার ফজলুল করিম তাদের আশ্বস্ত করে বলেন-নির্বাচন কমিশন প্রতিটি ভোটারের নিরাপত্তা ও গোপনীয়তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি পর্দানশীন নারীদের নির্ভয়ে কেন্দ্রে আসার আহ্বান জানান। তিনি বলেন-নারী ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিয়ে বাড়ি ফিরতে পারেন, তার সব ব্যবস্থা প্রশাসন গ্রহণ করবে।
বগুড়া-৬ উপনির্বাচন
বিএনপি প্রার্থীর ‘নেকাব’ মন্তব্যে তোলপাড়
ভ্রাম্যমাণ প্রতিনিধি
অনলাইন
২ মাস আগে
৮ এপ্রিল (বুধবার), ২০২৬, ৬ঃ৪৪ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
