ডেভিড রায়া: আর্সেনালের ‘দেয়াল’

ডেভিড রায়া: আর্সেনালের ‘দেয়াল’

ফন্ট সাইজ:

আর্সেনালের সতীর্থদের চোখে তিনি এখন বিশ্বের সেরা গোলরক্ষক। মাঠের পারফরম্যান্সও অন্তত সেই সাক্ষ্যই দিচ্ছে। চ্যাম্পিয়নস লীগের হাইভোল্টেজ কোয়ার্টার ফাইনালে গতকাল রাতে স্পোর্টিং লিসবনের বিপক্ষে গানার্সদের ১-০ গোলের কষ্টার্জিত জয়ের নায়ক কাই হাভার্টজ হলেও নেপথ্যের কারিগর ডেভিড রায়া। লিসবনের মুহুর্মুহু আক্রমণ রুখে আর্সেনালের জাল অক্ষত রাখেন ৩০ বছর বয়সী এই স্প্যানিশ তারকা।

চলতি মৌসুমে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ৪১ ম্যাচে ২২টি ‘ক্লিন শিট’ (গোল হজম না করা) রেখেছেন রায়া। ইউরোপের শীর্ষ পাঁচ লীগের আর কোনো গোলরক্ষক তার ধারের কাছেও নেই। দ্বিতীয় স্থানে থাকা ইন্টার মিলানের ইয়ান সোমারের চেয়ে ৪টি ক্লিন শিট বেশি নিয়ে শীর্ষে রায়া। চ্যাম্পিয়নস লীগে চলতি আসরে এখন পর্যন্ত সর্বোচ্চ ৭টি ক্লিন শিট তার দখলে।

টানা দুই হারের পর স্পোর্টিং লিসবনের বিপক্ষে মাঠে নামার আগে চাপে ছিল আর্সেনাল। দলের চাপের মুহূর্তে জ্বলে উঠলেন রায়া। ম্যাচের শুরুতে ম্যাক্সি আরাউহোর একটি বুলেট গতির শট ক্রসবারে লাগিয়ে দলকে বিপদমুক্ত করেন তিনি। শেষ দিকে আরও তিনটি নিশ্চিত গোল রুখে দিয়ে লিসবনকে হতাশ করেন এই স্প্যানিশ গোলরক্ষক। আর্সেনালের গোলমুখে রায়া যদি দেয়াল হয়ে না থাকতেন তবে ইনজুরি টাইমে হাভার্টজের গোলটি জয়ের জন্য যথেষ্ট হতো না।

সম্প্রতি কারাবাও কাপের ফাইনালে ম্যানচেস্টার সিটি এবং এফএ কাপের কোয়ার্টার ফাইনালে সাউথ্যাম্পটনের বিপক্ষে হেরে যায় আর্সেনাল। এই দুই হারেই মাঠে ছিলেন না রায়া। কোচ মিকেল আর্তেতা দ্বিতীয় গোলরক্ষক কেপা আরিজাবালাগাকে নামান। যার ভুলের মাশুল গুনতে হয়েছে দলকে। ম্যানসিটির বিপক্ষে পরাজয়ের পর রায়াকে না নামানো নিয়ে সমালোচনা হয়। আর লিসবন ম্যাচে রায়ার প্রত্যাবর্তন প্রমাণ করে দিয়েছে যে কেন তিনি গানার্সদের অপ্রতিদ্বন্দ্বী এক নম্বর গোলরক্ষক।

ম্যাচ জয়ী কাই হ্যাভার্টজ অ্যামাজন প্রাইমকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘আমার কাছে রায়া গত দুই মৌসুম ধরে বিশ্বের সেরা গোলরক্ষক। ফুটবলে তাকে অনেক সময় অবমূল্যায়ন করা হয়। কিন্তু তিনি অবিশ্বাস্যভাবে আমাদের বারবার রক্ষা করেছেন।’ কোচ মিকেল আর্তেতা সরাসরি ‘সেরা’ তকমা না দিলেও ভূয়সী প্রশংসা করেছেন তার। তিনি বলেন, ‘রায়া অসাধারণ, চমৎকার এবং অবিশ্বাস্য। সে আধুনিক ফুটবলের সাথে দারুণভাবে মানিয়ে নিয়েছে। বল পায়ে তার সাহস ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আমাদের আক্রমণভাগকেও শক্তিশালী করে।’
প্রিমিয়ার লীগে চলতি মৌসুমে ৩১ ম্যাচে ১৫টি ক্লিন শিট নিয়ে সবার উপরে আছেন রায়া। গত মৌসুমে নটিংহ্যাম ফরেস্টের ম্যাট সেলসের সাথে যৌথভাবে গোল্ডেন গ্লাভস জিতলেও এবার তার লক্ষ্য একক আধিপত্য। তবে ব্যক্তিগত স্বীকৃতির চেয়ে রায়ার মূল লক্ষ্য আর্সেনালকে ২০২০ সালের পর প্রথম বড় কোনো শিরোপা এনে দেয়া।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন