ওয়ার্নারকে আদালতে হাজিরের নির্দেশ

ওয়ার্নারকে আদালতে হাজিরের নির্দেশ

ফন্ট সাইজ:

মাঠের বাইরের এক অনাকাঙ্ক্ষিত ঘটনায় আইনি জটিলতায় জড়িয়ে পড়লেন অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার ডেভিড ওয়ার্নার। সিডনিতে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে তাকে গ্রেফতার করেছে পুলিশ। ওয়ার্নারের রক্তে অ্যালকোহলের মাত্রা নির্ধারিত সীমার দ্বিগুণেরও বেশি ছিল বলে জানা গেছে। ওয়ার্নারকে আগামী ৭ই মে সিডনির ডাউনিং সেন্টারের আদালতে হাজির হতে হবে।

গত ৫ই এপ্রিল সিডনির শহরতলি মারুব্রার মালাবার রোডে ট্রাফিক পুলিশের একটি দল নিয়মিত তল্লাশি (র‌্যান্ডম ব্রেথ টেস্টিং) চালাচ্ছিল। এসময় ৩৯ বছর বয়সী ওয়ার্নার তার গাড়ি পুলিশের তল্লাশি চৌকির ঠিক সামনে এসে থামিয়ে দেন এবং পার্ক করার চেষ্টা করেন। সন্দেহ হওয়ায় দায়িত্বরত কর্মকর্তারা গাড়ির কাছে গিয়ে ওয়ার্নারের শ্বাস পরীক্ষা করেন এবং প্রাথমিক ফল পজিটিভ আসে। এরপর তাকে গ্রেফতার করে মারুব্রা থানায় নিয়ে যাওয়া হয়। সেখানে দ্বিতীয় দফা পরীক্ষায় তার রক্তে অ্যালকোহলের মাত্রা পাওয়া যায় ০.১০৪ শতাংশ। নিউ সাউথ ওয়েলসের আইন অনুযায়ী পূর্ণ লাইসেন্সধারী চালকের জন্য এই মাত্রা সর্বোচ্চ ০.০৫ শতাংশ। অর্থাৎ, ওয়ার্নার নির্ধারিত সীমার দ্বিগুণেরও বেশি অ্যালকোহল নিয়ে গাড়ি চালাচ্ছিলেন।

ক্রিকেট নিউ সাউথ ওয়েলসের প্রধান নির্বাহী লি জার্মন এক বিবৃতিতে বলেছেন, ‘নিরাপদ ড্রাইভিংয়ের বিষয়ে আমাদের অবস্থান অত্যন্ত কঠোর। ডেভিড ওয়ার্নার এই অভিযোগের গুরুত্ব অনুধাবন করতে পেরেছেন। আইনি প্রক্রিয়ার পুরো সময় তাকে প্রয়োজনীয় সহায়তা দেয়া হবে। পাশাপাশি খেলোয়াড়দের মধ্যে নিরাপদ ড্রাইভিংয়ের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়ানোর উদ্যোগ নেয়া হবে।’
২০২৪ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেওয়া ওয়ার্নার বর্তমানে পাকিস্তান সুপার লীগে (পিএসএল) করাচি কিংসের অধিনায়কত্ব করছেন। টুর্নামেন্টের দ্বিতীয় পর্বে অংশ নিতে আগামী ৯ই এপ্রিল তার করাচিতে পৌঁছানোর কথা ছিল। তবে এই আইনি জটিলতার পর তার পাকিস্তানে যাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে কি না, তা এখনো স্পষ্ট নয়।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন