১৪ বছর পর রিয়াল মাদ্রিদকে হারাল বায়ার্ন মিউনিখ

১৪ বছর পর রিয়াল মাদ্রিদকে হারাল বায়ার্ন মিউনিখ

ফন্ট সাইজ:

২০১১-১২ মৌসুমে শেষবার রিয়াল মাদ্রিদকে হারিয়েছিল বায়ার্ন মিউনিখ। এরপর একে একে কেটে গেছে ১৪ বছর। অবশেষে মঙ্গলবার দিবাগত রাতে ধরা দিল অধরা জয়। চ্যাম্পিয়নস লীগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে রিয়ালকে ২-১ গোল ব্যবধানে হারিয়েছে জার্মান ক্লাবটি।
সান্তিয়াগো বার্নাব্যুতে অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে বায়ার্ন মিউনিখ। তবে একের পর এক আক্রমণ করলেও মিলছিল না গোলের দেখা। অবশেষে ম্যাচের ৪১তম মিনিটে লিভারপুলের সাবেক দুই সতীর্থের রসায়নে এগিয়ে যায় বায়ার্ন। সার্জে গ্যানাব্রির পাস থেকে বল পেয়ে জালে জড়ান লুইস দিয়াজ। ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় বাভারিয়ানরা।
দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান দ্বিগুণ করেন হ্যারি কেন। মাইকেল অলিসের ব্যাক-পাস থেকে পাওয়া বলে বক্সের কোণা থেকে দুর্দান্ত এক শটে গোল করেন এই ইংলিশ স্ট্রাইকার। এটি চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে কেনের ৪৯তম এবং চ্যাম্পিয়নস লীগে ১১তম গোল।
রিয়াল মাদ্রিদ গোল পরিশোধ করার জন্য মরিয়া হয়ে উঠলে বাধা হয়ে দাঁড়ান বায়ার্ন গোলরক্ষক ম্যানুয়েল নয়ার। এমবাপ্পে এবং ভিনিসিয়ুসের একাধিক আক্রমণ দারুণ দক্ষতায় রুখে দেন তিনি। তবে ৭৪তম মিনিটে ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ডের নিখুঁত ক্রস থেকে এমবাপ্পে নয়ারকে পরাস্ত করলে ব্যবধান কমে হয় ২-১। ম্যাচের শেষ দিকে রিয়াল যেমন সমতা ফেরানোর সুযোগ পেয়েছিল, তেমনি বায়ার্নও পেয়েছিল ব্যবধান বাড়ানোর সুযোগ। কিন্তু কোনো দলই সাফল্য পায়নি। রিয়ালের বিপক্ষে শেষ পর্যন্ত দারুণ একটি জয় নিয়েই মাঠ ছেড়েছে বায়ার্ন ।
১৫ এপ্রিল রাতে বায়ার্নের মাঠে দ্বিতীয় লেগের ম্যাচ খেলতে যাবে রিয়াল।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন