উত্তর আমেরিকায় বাংলাদেশের সিনেমাগুলোর মধ্যে এখন পর্যন্ত সর্বকালের ২য় সর্বোচ্চ ওপেনিং করেছে তানিম নূর পরিচালিত ঈদের সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’। সেইসঙ্গে ইউএস টপ চার্টে ১৭ নম্বরে চলে এসেছে সিনেমাটি! দেশের প্রেক্ষাগৃহের পর দেশের বাইরেও দাপট দেখাতে শুরু করে ‘বনলতা এক্সপ্রেস’। এমন তথ্য জানিয়েছেন সিনেমাটির আন্তর্জাতিক পরিবেশক স্বপ্ন স্কেয়ারক্রো-এর প্রেসিডেন্ট মোহাম্মদ অলিউল্লাহ সজীব। ‘বনলতা এক্সপ্রেস’-এর এই সাফল্যে অভিভূত পরিচালক তানিম নূর। তিনি বলেন, আমি উত্তর আমেরিকার দর্শকের সাড়ায় অভিভূত। সিনেমার সকল শিল্পী, কুশলীকে ধন্যবাদ জানাই। হুমায়ূন আহমেদ স্যারকে স্মরণ করছি। উনিই আসল ম্যাজিশিয়ান। সঙ্গে আন্তর্জাতিক পরিবেশক স্বপ্ন স্কেয়ারক্রোকে ধন্যবাদ জানাই সিনেমাটি দর্শকের কাছে পৌঁছে দেয়ার জন্য। স্বপ্ন স্কেয়ারক্রো-এর প্রেসিডেন্ট মোহাম্মদ অলিউল্লাহ সজীব বলেন, গত ৩ দিনে কানাডা ও আমেরিকার বক্স অফিসে ‘বনলতা এক্সপ্রেস’ যা ঘটালো সেটাকে ‘সুনামি’ বললেও সঠিক বলা হচ্ছে না মনে হয়। এটা অবিশ্বাস্য অন্যরকম কিছু। তিনি জানান, প্রথম বাংলাদেশি ছবি হিসেবে ডমেস্টিক (ইউএসএ+কানাডা) বক্স অফিস টপ চার্টের সেরা ২০-এ জায়গা করে নিয়েছে চলচ্চিত্রটি। ওপেনিং ৩ দিনে গ্রস, চোখ কপালে তুলে দেয়া ১৫৪,০০০ ডলার! এর আগে আমরা এমন কিছু দেখেছিলাম ‘হাওয়া’র সময়, যেটি প্রথম ৩ দিনে গ্রস করেছিল ১৫৯,০০০ ডলার! হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে তানিম নূরের পরিচালনায় সিনেমাটির চিত্রনাট্য করেছেন আয়মান আসিব স্বাধীন ও সামিউল ভূঁইয়া। বুড়িগঙ্গা টকিজ, হইচই স্টুডিওস ও ডোপ প্রোডাকশন্স-এর এই সিনেমায় অভিনয় করেছেন সাবিলা নূর, শরিফুল রাজ, চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম, শ্যামল মাওলা, জাকিয়া বারী মম, আজমেরী হক বাঁধন, ইন্তেখাব দিনারসহ অনেকে।
কানাডা-আমেরিকায় ‘বনলতা এক্সপ্রেস’র রেকর্ড
স্টাফ রিপোর্টার
৮ এপ্রিল (বুধবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
