আসার কথা ছিল সাতজনের। তারা সবাই বাংলা চলচ্চিত্রের ষাট-সত্তর ও আশির দশকের মহা তারকা। চ্যানেল আইয়ের মূল ফটক থেকে সাজানো হয়েছিল এসব তারকার সোনালি যুগের ছবি দিয়ে। তারা হলেন- শবনম, সুচন্দা, উজ্জ্বল, সোহেল রানা, আনোয়ারা, আলমগীর এবং ববিতা। কিন্তু এলেন ৫ জন। এর মধ্যে সোহেল রানা এবং আনোয়ারা অসুস্থতাজনিত কারণে আসতে পারেননি। বাকি ৫ জন লাল কার্পেট বিছানো পথে হেঁটে এলেন। এটা ছিল এক দারুণ মুহূর্ত। তাদেরকে স্বাগত জানালেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর এবং সিনিয়র চলচ্চিত্র সাংবাদিক আবদুর রহমান। এরপর দিনব্যাপী চ্যানেল আইতে তুমুল আড্ডা।
অনেকের সঙ্গে অনেকের দেখা হলো অনেক বছর পর। স্মৃতির ডালির ঝাঁপি খুলে প্রাণভরে আড্ডা দিলেন তারা। বললেন- তাদের ব্যক্তিগত ও অভিনয় জীবনের নানান অজানা কথা। এ সময়ের মধ্যে চ্যানেল আইয়ের সুসজ্জিত স্টুডিওতে তাদের নিয়ে এক অন্যরকম আড্ডা দিলেন আবদুর রহমান। স্মৃতিময় এইদিনে চলচ্চিত্রের বাইরেও যে কথা কোনোদিন হয়নি বলা তাই কিংবদন্তিরা বললেন এই আড্ডায়।
আষাঢ়ের প্রথম দিন ১৫ই জুন এই আড্ডায় আষাঢ়কে উপভোগ করা, বৃষ্টিতে শুটিং করার স্মৃতি, প্রিয় নায়ক নায়িকা, প্রিয় গান-এরকম অনেক বিষয়ই উঠে এলো সেই আড্ডায়। চ্যানেল আইতে স্মৃতিময় একদিন কাটিয়ে তারা বাড়ি ফেরার আগে চ্যানেল আইয়ের পক্ষ থেকে পেলেন উপহার। উপহারসামগ্রীর মধ্যে ছিল ঘোড়া, হাতি, পুতুল, বচ্চাদের খেলনাসহ অনেক কিছুই। সঙ্গে নাম ও ছবিসহ ক্রেস্ট এবং ফুলের বাকেট। পুরো অনুষ্ঠানটি চ্যানেল আই ধারণ করেছে। খুব শিগগিরই এটি প্রচার হবে। অনুষ্ঠানটি পরিচালনা করেছেন ইফতেখার মুনিম।
