নবীগঞ্জে দীর্ঘ দেড় যুগ ধরে বেহালদশা উপজেলার ঐতিহ্যবাহী দিনারপুর পরগণার কান্দিগাঁও-বিয়ানীবাজার (লোগাঁও) সড়কের। সড়ক উন্নয়নে পরগণার বাসিন্দা হয়েও কথা রাখেননি সাবেক এমপি শাহনওয়াজ মিলাদগাজী। এ নিয়ে সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। ঢাকা-সিলেট মহাসড়কের সংযোগস্থল দিনারপুর পরগণার ১৫-২০টি গ্রামের মানুষের যাতায়াতের একমাত্র এ সড়কের প্রায় ৫-৬ কিলোমিটার রাস্তা চরম বেহাল অবস্থায় পড়ে থাকলেও যেন দেখার কেউ নেই। পরগণার বাসিন্দা হিসেবে বিগত ২০১৮ সালের জাতীয় নির্বাচনে বিজয়ী শাহনওয়াজ মিলাদগাজী নিজ এলাকার উন্নয়নে চরম অবহেলার নজির স্থাপন করেন। প্রতিনিয়ত এলাকার মানুষ সাবেক ওই এমপি’র নিকট ধরনা দিয়ে সড়কটির মেরামত কাজ করাতে ব্যর্থ হন।
সরজমিন দেখা যায়, সড়কের কার্পেটিং ওঠে গিয়ে অনেক স্থানেই মাটির গর্তে পরিণত হয়েছে। বিপজ্জনকভাবে দেবে গেছে সড়কের বিভিন্ন অংশ। বর্ষা মৌসুমে সড়কটি মরণফাঁদে পরিণত হয়। এ ছাড়াও বিভিন্ন আত্মীয়স্বজনের বাড়িতে রাতের প্রহরে ওই সড়কে অচেনা লোকজন বিড়ম্বনায় পড়েন। এ নিয়ে এলাকার সাধারণ মানুষকে প্রতিনিয়ত লজ্জিত হতে হয়। পরগণার বাসিন্দা হিসেবে বিশিষ্ট অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়া পরগণার দুই ইউনিয়নের (দেবপাড়া ও গজনাইপুর) সব কেন্দ্রে বিপুল ভোটে বিজয়ী হন। সাধারণ মানুষের প্রত্যাশা দ্রুত সড়কটি নির্মাণের উদ্যোগ নেয়া হবে। এ নিয়ে যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবক হারুন আখঞ্জী বলেন, বিগত ১৫-২০ বছর ধরে মহাসড়কের সংযোগস্থলের একমাত্র সড়কটির বেহালদশা সত্যিই দুঃখজনক। ওই সড়ক দিয়ে প্রতিনিয়ত শতাধিক যানবাহন, স্কুল, কলেজ, মাদ্রাসা শিক্ষার্থীর পাশাপাশি জীবন ও জীবিকার তাগিদে হাজার হাজার মানুষ যাতায়াত করেন। বর্ষা মৌসুমে সড়কটি চরম বিপজ্জনক হয়ে ওঠে। সড়কের দৈন্যদশা ও জনদুর্ভোগ নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যান আবুল খয়ের গোলাপ বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের ভরা যৌবনে পরগণার সন্তান হিসেবে বিজয়ী হয়েও সাবেক এমপি শাহনওয়াজ মিলাদগাজী সড়কটি সংস্কারে পদক্ষেপ গ্রহণ করেননি। এটা খুবই দুঃখ ও লজ্জাজনক। আশা করি, সদ্য বিজয়ী ও আমাদের পরগণার মুরুব্বি প্রয়াত সাবেক অর্থমন্ত্রী শাহ এএসএম কিবরিয়া তনয় বিশিষ্ট অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়া এমপি অগ্রাধিকার ভিত্তিতে সড়কটি সংস্কারে উদ্যোগ গ্রহণ করবেন। কাজটি দ্রুত সম্পাদন হলে পরগণার মানুষ কৃতজ্ঞ থাকবে। এ ছাড়াও সাধারণ মানুষের প্রত্যাশা বিগত আওয়ামী লীগ সরকার আমলে দীর্ঘ ১৭ বছর নিপীড়িত মানুষের দুর্ভোগ লাঘবে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে।
দেড় যুগ ধরে বেহাল দশায় নবীগঞ্জের কান্দিগাঁও বিয়ানীবাজার সড়ক
এম এ বাছিত, নবীগঞ্জ থেকে
৮ এপ্রিল (বুধবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
