ইউনাইটেডের সঙ্গে আরও এক বছরের চুক্তি ম্যাগুয়েরের

ইউনাইটেডের সঙ্গে আরও এক বছরের চুক্তি ম্যাগুয়েরের

ফন্ট সাইজ:

ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে নতুন চুক্তি স্বাক্ষর করলেন হ্যারি ম্যাগুয়ের। আরও এক বছরের জন্য রেড ডেভিলদের ডেরায় থাকছেন এ ইংলিশ ডিফেন্ডার, যেখানে চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ানোর সুযোগ রাখা হয়েছে।
২০১৯-এ লেস্টার সিটি থেকে রেকর্ড ৮০ মিলিয়ন পাউন্ডে ইউনাইটেডে যোগ দেন ম্যাগুয়ের। বর্তমান চুক্তির মেয়াদ এই মৌসুমেই শেষ হওয়ার কথা ছিল। এর আগেই নতুন চুক্তি সম্পন্ন করে আবেগঘন বার্তায় ৩৩ বছর বয়সী ম্যাগুয়ের বলেন, ‘ম্যানচেস্টার ইউনাইটেডের প্রতিনিধিত্ব করা আমার জন্য পরম সম্মানের। এটি এমন এক দায়িত্ব, যা আমাকে এবং আমার পরিবারকে প্রতিদিন গর্বিত করে। এই অসাধারণ ক্লাবে আমার যাত্রাকে অন্তত আটটি মৌসুমে নিয়ে যেতে পেরে এবং আমাদের বিশেষ সমর্থকদের সামনে খেলে আরও কিছু দারুণ মুহূর্ত উপহার দেয়ার সুযোগ পেয়ে আমি আনন্দিত।’
ম্যাগুয়েরের ওল্ড ট্র্যাফোর্ড অধ্যায় চড়াই-উতরাইয়ে পূর্ণ। ওলে গানার সোলশায়ারের অধীনে অধিনায়কত্ব পেলেও এরিক টেন হাগের সময় জায়গা হারান তিনি। পরে ২০২৩-এ তার থেকে অধিনায়কের আর্মব্যান্ড কেড়ে নেয়া হয়। এক সময় ওয়েস্ট হ্যামে যাওয়ার জোর গুঞ্জন থাকলেও জেদ চাপিয়ে এখানেই থেকে যান তিনি। অন্তর্বর্তীকালীন কোচ মাইকেল ক্যারিকের অধীনে টানা ১০ ম্যাচ খেলে তিনি পুনরায় নিজের সামর্থ্যের প্রমাণ দিচ্ছেন।
ইউনাইটেডের জার্সিতে ২৬৬টি ম্যাচ খেলে তিনি একটি লীগ কাপ ও একটি এফএ কাপ জিতেছেন ম্যাগুয়ের। তার প্রশংসায় দলের ফুটবল ডিরেক্টর জেসন উইলকক্স বলেন, ‘ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে খেলার জন্য যে মানসিকতা ও লড়াই করার ক্ষমতা প্রয়োজন, হ্যারি তার প্রতীক।’
বিশ্লেষকদের মতে, আগামী মৌসুমে ক্যাসেমিরোর বিদায়ের মুখে ম্যাগুয়েরের মতো অভিজ্ঞ খেলোয়াড়কে ধরে রাখা ক্লাবের জন্য বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন