দেশে ১ লাখ স্বাস্থ্য কর্মী নিয়োগের বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
মঙ্গলবার জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য ইকরামুল বারী টিপুর এক প্রশ্নের লিখিত জবাবে তিনি এ কথা জানান। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। মঙ্গলবারের প্রশ্ন-উত্তর টেবিলে উত্থাপিত হয়।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও সেবা প্রদানের ধারাবাহিকতা বজায় রাখতে প্রয়োজনীয় জনবল নিশ্চিত করার লক্ষ্যে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের আলোকে ১ লাখ স্বাস্থ্য কর্মী নিয়োগের বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। ২২ জানুয়ারি, ২০২৬ তারিখে ৪৮তম বিসিএস-এর মাধ্যমে ২৯৮৪ জন সহকারী সার্জন ২৭৯ জন ডেন্টাল সার্জন এবং ৪৪তম বিসিএস-এর মাধ্যমে ১৮জন সহকারী সার্জন (এমবিবিএস) ও ২২জন ডেন্টাল সার্জন নিয়োগ প্রদান করা হয়েছে। এর আগে ১৮ ডিসেম্বর, ২০২৫ তারিখে ২৭তম বিসিএসের মাধ্যমে ১৬২ জন সহকারী সার্জনকে (এমবিবিএস ডাক্তার) নিয়োগ দেয়া হয়েছে।
তিনি বলেন, বর্তমানে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে চিকিৎসকসহ অন্যান্য কর্মকর্তা/কর্মচারীর মোট পদ সংখ্যা-১৯৬, কর্মরত-১৩৮ এবং শূন্য পদ-৫৮টি। চিকিৎসকদের ১ম থেকে ৯ম গ্রেড পর্যন্ত মোট ৩১টি পদের বিপরীতে ২১ জন কর্মরত আছেন এবং ১০টি পদ শূন্য রয়েছে। নার্সদের ক্ষেত্রে মোট ৩৬টি পদের মধ্যে ৩৫টি পদ পূরণকৃত এবং ১টি পদ শূন্য রয়েছে।
মন্ত্রী বলেন, এছাড়া ১১তম থেকে ১৬তম গ্রেডভুক্ত কর্মচারীদের মোট ১০২টি পদের মধ্যে ৬৭টি পদ পূরণকৃত এবং ৩৫টি পদ শূন্য রয়েছে। ১৭তম থেকে ২০তম গ্রেডে মোট ২৭টি পদের বিপরীতে ১৫টি পদ পূরণকৃত এবং ১২টি পদ শূন্য রয়েছে।
উল্লেখ্য, এসব শূন্য পদ পূরণের কার্যক্রম ইতোমধ্যে চলমান রয়েছে। ধারাবাহিকভাবে নিয়োগ ও পদায়নের মাধ্যমে পর্যায়ক্রমে সকল শূন্য পদ পূরণ করা হবে।
