জামিন পেলেন বাউল শিল্পী আবুল সরকার

জামিন পেলেন বাউল শিল্পী আবুল সরকার

ফন্ট সাইজ:

ধর্ম অবমাননা ও কটূক্তির অভিযোগে মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা বাউল শিল্পী আবুল সরকার ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন। একইসঙ্গে তাকে কেন স্থায়ী জামিন দেয়া হবে না, তা জানতে চেয়ে রুলও জারি করেছেন হাইকোর্ট। এদিকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ইডেন মহিলা কলেজ শাখার সভাপতি তামান্না জেসমিন রিভাকেও এক মামলায় জামিন দিয়েছেন হাইকোর্ট।

রোববার জামিন চেয়ে আবুল সরকার ও রিভা’র করা দু’টি আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি মো. সগীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ অন্তর্বর্তীকালীন এ জামিনের আদেশ দেন। এদিন আদালতে বাউলশিল্পী আবুল সরকারের জামিন আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী গাজী কামরুল ইসলাম সজল। অন্যদিকে, রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুলতানা আক্তার রুবি।

এর আগে মানিকগঞ্জের ঘিওর উপজেলার জাবরা এলাকায় খালা পাগলীর মেলায় গত ৪ঠা নভেম্বর পালাগানের আসরে বাউলশিল্পী আবুল সরকার ধর্ম অবমাননা ও আপত্তিকর মন্তব্য করেন বলে অভিযোগ ওঠে। তার মন্তব্যের ভিডিও চিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে বিভিন্ন মহলে সমালোচনা হয়। এরপর মাদারীপুরে একটি গানের আসর থেকে গত ১৯শে নভেম্বর রাতে আবুল সরকারকে আটক করে মানিকগঞ্জ ডিবি পুলিশের একটি দল।

পরদিন সকালে তাকে জেলা ডিবি’র কার্যালয়ে আনা হয়। সেদিন ঘিওর বন্দর মসজিদের ইমাম মুফতি মো. আবদুল্লাহ বাদী হয়ে আবুল সরকারকে আসামি করে ঘিওর থানায় মামলা করেন। এতে ইসলাম ধর্মের বিশ্বাসের অবমাননা এবং ধর্মীয় অনুভূতিতে আঘাতের উদ্দেশ্যে কটূক্তি ও উস্কানি দেয়ার অভিযোগ করা হয়। ওই মামলায় আবুল সরকারকে গ্রেপ্তার দেখিয়ে মানিকগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে গত ২০শে নভেম্বর কারাগারে পাঠানো হয়। এ মামলায় গতকাল তিনি জামিন পান।

Ahmad Zafar

২ মাস আগে

এই বাংলাদেশে ইসলাম ধর্মকে গালি দেয়া খুবই সহজ বিষয়, কোন প্রতিবাদ নাই আর যদিও বা একটু আধটু প্রতিবাদ হয় তা প্রচলিত আইনের মারপ্যাচের সামনে টিকতে পারে না।

Mukul

২ মাস আগে

ভালো সিদ্ধান্ত I

মন্তব্য করুন