কুষ্টিয়া পৌরসভার সার্বিক উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে ক্লাস্টার উন্নয়ন পরিকল্পনা (সিডিপি), ক্যাপিটাল ইনভেস্টমেন্ট প্ল্যান (সিআইপি) এবং ক্লাইমেট রেজিলিয়েন্ট অ্যাকশন প্ল্যান শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ৯টা থেকে কুষ্টিয়া পৌর মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। বিশ্বব্যাংকের সহায়তায় এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কর্তৃক বাস্তবায়িত রেজিলিন্টে আরবান অ্যান্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট (আরইউটিডিপি) প্রকল্পের আওতায় কুষ্টিয়া পৌরসভা এ কর্মশালার আয়োজন করে।
প্রথম পর্যায়ে দেশের ৩৬টি জেলার ৮১টি পৌরসভা এবং ছয়টি সিটি করপোরেশনে প্রকল্পটি বাস্তবায়িত হবে। এর মাধ্যমে ২ কোটির বেশি মানুষ উপকৃত হবে, যার অর্ধেক নারী। প্রকল্পের আওতায় রাস্তা ও ফুটপাথ উন্নয়ন, সড়কবাতি স্থাপন, ড্রেন নির্মাণ, পাবলিক টয়লেট নির্মাণ, বাজার ও বাসটার্মিনাল উন্নয়ন, ডাম্পিং স্টেশন, সুপারমার্কেট নির্মাণ, ব্রিজ ও কালভার্ট নির্মাণ, পৌরভবন নির্মাণসহ আধুনিক নগরসেবার নানা কার্যক্রম বাস্তবায়ন করা হবে। কর্মশালায় জানানো হয়, প্রকল্পের আওতায় কুষ্টিয়া পৌর এলাকায় প্রায় ৫০ কিলোমিটার সড়ক, ড্রেন উন্নয়ন ও স্ট্রিট লাইট স্থাপন, ব্রিজ ও কালভার্ট নির্মাণ, একটি বাস টার্মিনাল, একটি বহুতল কিচেন মার্কেট এবং ফুটপাথ নির্মাণের পরিকল্পনা রয়েছে।
কর্মশালায় অংশগ্রহণকারীরা পৌরসভার বিভিন্ন সমস্যা চিহ্নিত করে উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন এবং নাগরিক সুবিধা বৃদ্ধি, অবকাঠামো উন্নয়ন, পরিচ্ছন্নতা ব্যবস্থাপনা, পানি সরবরাহ, ড্রেনেজ ব্যবস্থা এবং টেকসই নগর পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। কারিগরি বিশেষজ্ঞ নুরুল আমিন তালুকদারের উপস্থাপনায় কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দেন কুষ্টিয়া পৌরসভার প্রশাসক আহমেদ মাহবুব উল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেনÑ কুষ্টিয়া পৌরসভার সহকারী প্রকৌশলী এ.কে. সামসুজ্জামান, পৌর নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান, সরকারি প্রকৌশলী (পানি) সাবিনা ইসলাম। অন্যদের মধ্যে নগর পরিকল্পনাবিদ মো. সাইফুর রহমান, সামাজিক বিশেষজ্ঞ মো. জাহিদুল ইসলাম, পরিবেশ বিশেষজ্ঞ আল-আমিনসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারী এবং টাউন লেভেল কো-অর্ডিনেশন কমিটির (টিএলসিসি) সদস্যরা কর্মশালায় অংশগ্রহণ করেন।
কুষ্টিয়া পৌরসভার উন্নয়ন পরিকল্পনা প্রণয়নে কর্মশালা অনুষ্ঠিত
কুষ্টিয়া প্রতিনিধি
৭ এপ্রিল (মঙ্গলবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
