খুবি ছাত্রীর মৃত্যুর ঘটনায় প্রাইভেটকারচালক গ্রেপ্তার

ফন্ট সাইজ:

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষার্থী মৌমিতা হালদারের মৃত্যুর ঘটনায় ধাক্কা দেয়া প্রাইভেটকার উদ্ধারসহ চালককে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল দুপুরে অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান এ তথ্য নিশ্চিত করেন। জানা গেছে, গত ৩০শে মার্চ সন্ধ্যা আনুমানিক ৬টা ৫০ মিনিটের দিকে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মৌমিতা হালদার তার বাবার সঙ্গে রিকশাযোগে কোর্ট এলাকায় যাচ্ছিলেন। তারা খুলনা সদর থানার নগর ভবনের সামনে দিয়ে যাওয়ার সময় জেলা পরিষদের সামনে পাকা সড়কে পৌঁছালে পেছন দিক থেকে একটি বেপরোয়া গতির প্রাইভেটকার রিকশাটিকে ধাক্কা দেয়। এতে মৌমিতা রিকশা থেকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। পরে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক রাত ৭টা ৫০ মিনিটে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে খুলনা সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই দেবব্রত বিশ্বাস ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে অভিযুক্ত গাড়িটি শনাক্ত করেন। পরবর্তীতে গত ৩রা এপ্রিল দুপুর ১২টার দিকে খুলনা সদর থানার করোনেশন স্কুলের পেছনে কাজী আমিনুল হকের বাড়ির নিচতলার গ্যারেজ থেকে নীল রঙের টয়োটা গাড়ি উদ্ধার করে জব্দ করা হয়। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় গত রোববার সন্ধ্যা ৬টার দিকে প্রাইভেটকারটির চালক মো. আহাদ শেখ সৈকত (২৬) কে খুলনা সদর থানার হাদিস পার্কের উত্তর গেট এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।



কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন