ফেনী জেলা ছাত্রদলের কমিটি গঠন হয়েছে ২০১৮ সালের ১২ই জুলাই। এর একমাস পর ২২শে অক্টোবর ৩৯৬ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির নেতাদের প্রথম সারির সবাই বিবাহিত, কারও কারও ছেলে-মেয়ে পড়ে স্কুল-মাদ্রাসায়। শুধু তাই নয়, জেনারেশন গ্যাপে এসব নেতাদের সঙ্গে সাধারণ শিক্ষার্থীরা মিশতে পারছেন না। ফলে বিএনপি’র ভ্যানগার্ড হিসেবে ছাত্র সংগঠনটি দীর্ঘদিনের জৌলুস হারাতে বসেছে। এ নিয়ে মাঝে মধ্যে পদধারী নেতাকর্মীদের অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে আক্ষেপ করলেও সেই বিষয়ে দায়িত্বশীল পর্যায়ের কারও ভ্রƒক্ষেপ নেই। সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রের সঙ্গে কথা বলে জানা গেছে, জেলা ছাত্রদল সভাপতি সালাহউদ্দিন মামুন ২০০২ সালে ও সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলন ২০০১ সালে এসএসসি পাস করেন। দুই বছরের কমিটি কেটে গেছে ৮ বছর। এরই মধ্যে জেলা ছাত্রদলের বিভিন্ন পদের ১০ নেতা যুবদল ও স্বেচ্ছাসেবক দলের পদ পেয়েছেন। ৩০ জন সহ-সভাপতির সবাই বিবাহিত। স্বয়ং সভাপতি সালাউদ্দিন মামুন দুই সন্তানের জনক। তিনি জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক পদ পেয়েছেন দেড় বছর আগে। আট বছর পর জেলা ছাত্রদলের নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে স্থানীয় নেতাদের দৌড়ঝাঁপ নিয়ে ব্যাপক আলোচনা চলছে। সাম্প্রতিক সংগঠনের কার্যক্রমকে গতিশীল করতে নতুন কমিটি গঠনের বিষয়টি আবারো আলোচনায় আসে। ইতিমধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে একাধিক নেতার নাম আলোচনায় উঠে এসেছে। সম্ভাব্য প্রার্থীদের ঘিরে তৃণমূল নেতাকর্মীদের মধ্যেও আগ্রহ ও প্রত্যাশা তৈরি হয়েছে। সুপার ফাইভে আলোচনার শীর্ষে রয়েছে কাজী নজরুল ইসলাম দুলাল, বর্তমান সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন রিয়াদ, যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল পাটোয়ারী, সদর উপজেলা যুগ্ম আহ্বায়ক মেজবাহ উদ্দিন মিয়াজি এবং ফেনী সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক আবদুল হালিম মানিকের নাম। এর মধ্যে সভাপতি বা আহ্বায়ক পদে আলোচনার শীর্ষে আছেন বর্তমান সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক দুলাল। এ ছাড়া অনেকেই দৌড়ঝাঁপ করছেন গুরুত্বপূর্ণ পদ পাওয়ার আশায়। এদের মধ্যে আলোচনায় রয়েছেন শরিফুল ইসলাম রানা (যুগ্ম আহ্বায়ক ফেনী পৌর ছাত্রদল ও সদস্য- জেলা ছাত্রদল), রশিদ আহমদ মজুমদার (যুগ্ম সাধারণ সম্পাদক), মো. সাইফুল ইসলাম জিকু (যুগ্ম সম্পাদক), আরিফুল ইসলাম সুমন (দপ্তর সম্পাদক) এবং দেলোয়ার হোসেন (সাবেক আহ্বায়ক, ফেনী সদর উপজেলা ছাত্রদল)। এদের মধ্যে জাকের হোসেন রিয়াদ, শরিফুল ইসলাম রানা, রশিদ আহমদ মজুমদার ও দেলোয়ার হোসেন বিবাহিত। আবার কেউ কেউ আছে শিক্ষাগত যোগ্যতায় যথেষ্ট দুর্বল। দীর্ঘদিন পর নতুন কমিটি গঠনের সম্ভাবনায় সংগঠনের নেতাকর্মীদের মধ্যে নতুনভাবে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। এখন কেন্দ্রীয় সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে জেলা ছাত্রদলের নেতাকর্মীরা।
আলোচনায় যারা
ফেনী জেলা ছাত্রদলের নতুন কমিটি যেকোনো দিন
ফেনী প্রতিনিধি
৭ এপ্রিল (মঙ্গলবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
