নওগাঁর আত্রাই রেল স্টেশনে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে এমরান মিয়া (২৮) নামে এক পুলিশ কনস্টেবলের দুই পা বিচ্ছিন্ন হয়েছে। সোমবার সকাল ৬টার দিকে এ ঘটনা ঘটে। পরে আহত ওই পুলিশ সদস্যকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন আত্রাই থানার ওসি আব্দুল করিম। এলাকাবাসী ও আত্রাই থানার ওসি আব্দুল করিম জানান, ওই পুলিশ সদস্য তার কর্মস্থল পিরোজপুর জেলা পুলিশ কন্ট্রোল রুম থেকে তার শ্বশুরবাড়ি নওগাঁর আত্রাইয়ের তারাটিয়ায় ট্রেনযোগে আসছিলেন।
এ সময় সকাল ৬টা ০৫ মিনিটে খুলনা থেকে পার্বতীপুরগামী সীমান্ত আন্তঃনগর এক্সপ্রেস থেকে আত্রাই রেল স্টেশনে চলন্ত ট্রেন থেকে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান। এ সময় ট্রেনের চাকায় কেটে তার একটি পা হাঁটু থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এ ছাড়া, আরেকটি পা কেটে গিয়ে বিচ্ছিন্ন না হলেও সামান্য লেগে আছে। আত্রাই থানার ওসি আব্দুল করিম আরও জানান, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।
