সাফজয়ী প্রত্যেকে পেলেন ১ লাখ টাকা পুরস্কার

সাফজয়ী প্রত্যেকে পেলেন ১ লাখ টাকা পুরস্কার

ফন্ট সাইজ:

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ দলকে আনুষ্ঠানিক সংবর্ধনা ও আর্থিক পুরস্কার প্রদান করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। গতকাল আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের উৎসাহিত করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। জাতীয় ক্রীড়া পরিষদের অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই সংবর্ধনায় দলের প্রতিনিধি হিসেবে অধিনায়ক মিঠু চৌধুরী তার দলের একটি বিশেষ আকাক্সক্ষার কথা তুলে ধরেন। ফাইনালে ভারতকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়া বাংলাদেশ দলের খেলোয়াড়দের ১ লাখ টাকা করে আর্থিক পুরস্কার দেওয়া হয়। পাশাপাশি প্রত্যেককে বিশেষ ক্রীড়া কার্ড ও সম্মাননা ক্রেস্ট প্রদান করেন প্রতিমন্ত্রী। পুরস্কার গ্রহণের পর অধিনায়ক মিঠু চৌধুরী তার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন, ‘নতুন সরকার ক্ষমতায় আসার পর প্রথম কোনো ফুটবল দল হিসেবে আমরা এই শিরোপা জিতলাম। আমাদের দলের সকল খেলোয়াড়ের একটা বড় ইচ্ছা আছে আমরা এই ট্রফিটা সরাসরি মাননীয় প্রধানমন্ত্রীর হাতে তুলে দিতে চাই। আমরা উনার সঙ্গে দেখা করে এই অর্জনের আনন্দ ভাগ করে নিতে চাই।’ বাফুফের বর্তমান পরিচালনা পর্ষদ ও সভাপতি তাবিথ আউয়ালের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে অধিনায়ক আরও বলেন, ‘তাবিথ আউয়াল স্যার আমাদের অনেক খেয়াল রাখছেন এবং আমাদের সব দাবি-দাওয়া পূরণ করছেন। এমনকি জাতীয় দলের সাথে আমাদেরকেও ফাইভ স্টার হোটেলে থাকার ব্যবস্থা করে দিয়েছেন। ফেডারেশনের পক্ষ থেকে এমন সুযোগ-সুবিধা ও পরিচর্যা পেলে আমরা ভবিষ্যতে দেশের জন্য আরও ভালো ফলাফল বয়ে আনতে পারব।’ বাংলাদেশ অনূর্ধ্বÑ২০ দলের অধিনায়কের দাবির প্রেক্ষিতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, ‘সাফ অনুর্ধ্বÑ২০ চ্যাম্পিয়ন দলকে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে নিয়ে যাওয়া হবে। গোলরক্ষক মাহিন একটা কথা বলেছেন, ‘পাইপলাইন সমৃদ্ধ করতে হবে।’ এজন্য ফেডারেশনসহ সকলকে কাজ করতে হবে যেন আরও মেধাবী খেলোয়াড় বেরিয়ে আসে।’ অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের এই সাবেক অধিনায়ক দেশের ক্রীড়াঙ্গনের অতীত ঐতিহ্য স্মরণ করার পাশাপাশি ফেডারেশনগুলোর ভবিষ্যৎ উন্নয়নে সরকারের নানা পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি বলেন, ‘ফুটবল ও ক্রিকেটের মতো গুটিকয়েক ফেডারেশন বাদে দেশের অধিকাংশ ফেডারেশনের অবস্থা বর্তমানে বেশ জরাজীর্ণ। একটা সময় এমন অনেক নিবেদিতপ্রাণ সংগঠক ছিলেন, যারা নিজেদের স্ত্রীর গহনা কিংবা ব্যক্তিগত গাড়ি বিক্রি করে খেলোয়াড়দের পারিশ্রমিক পরিশোধ করেছেন। এই গুণীদের যথাযথ সম্মান দিলে দেশে ভবিষ্যতে আরও অনেক গুণী মানুষের জন্ম হবে। সরকার এই ক্রীড়া ব্যক্তিত্বদের পাশে সবসময় থাকবে।’ ক্রীড়া ফেডারেশনগুলোকে শক্তিশালী ও স্বাবলম্বী করার বিষয়ে প্রধানমন্ত্রী প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন জানিয়ে আমিনুল হক বলেন, ‘ফেডারেশনগুলো যাতে আর্থিক সংকটে না পড়ে এবং দেশের বাইরে আন্তর্জাতিক পর্যায়ে অংশগ্রহণের সময় স্বাচ্ছন্দ্যে চলতে পারে, সেজন্য একটি টেকসই কর্পোরেট সিস্টেম চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। ইতোমধ্যে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান, ব্যাংক এবং বড় বড় কর্পোরেট প্রতিষ্ঠান এই উদ্যোগে বেশ ইতিবাচক সাড়া দিয়েছে।’ বাংলাদেশ অনূর্ধ্বÑ২০ দলের সাফল্যের নেপথ্যে অন্যতম আমেরিকান প্রবাসী সুলিভান ব্রাদার্স। রোনান ও ডেকলান সুলিভান আজ বিকেলে আমেরিকার উদ্দেশে ঢাকা ছাড়ার কথা রয়েছে। মালদ্বীপের মালেতে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে পুরো আসরে অপরাজিত থেকে ট্রফি জয় করে বাংলাদেশ।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন