বাংলাদেশকে অপেক্ষায় রেখে এশিয়ান গেমসে উজবেকিস্তান

ফন্ট সাইজ:

এশিয়ান গেমস হকির বাছাই টুর্নামেন্টে বাংলাদেশ একাধিকবার চ্যাম্পিয়ন হয়েছে। এবার শিরোপার লক্ষ্য নিয়ে গেলেও এশিয়ান গেমসে খেলাই এখন অনিশ্চিত। গতকাল থাইল্যান্ডের টার্ফে যা ঘটেছে, তাকে ‘অঘটন’ বললে হয়তো কম বলা হবে। যে উজবেকিস্তানকে আন্তর্জাতিক হকিতে স্রেফ গোলবন্যায় ভাসাতো বাংলাদেশ, গতকাল সেই দলটির সঙ্গে ১-১ গোলে ড্র করলেন আমিরুল-আশরাফুলরা। এই ড্রয়ে এশিয়ান গেমসে সরাসরি খেলার সুযোগ হারালো বাংলাদেশ। এর আগের ম্যাচে বাংলাদেশ হেরেছে শ্রীলঙ্কার কাছে। যে দলটির বিপক্ষে দীর্ঘ ২০ বছর আগে একবার হেরেছিল লাল-সবুজের প্রতিনিধি। বাংলাদেশ-উজবেকিস্তান ম্যাচ ড্র হওয়ায় শ্রীলঙ্কা ৬ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন। বাংলাদেশ ও উজবেকিস্তানের সমান ৪ পয়েন্ট। গোল ব্যবধানে উজবেকিস্তান এগিয়ে থাকায় গ্রুপ রানার্সআপ হয়ে তারা সেমিফাইনাল ও এশিয়ান গেমসে উঠে গেলো। বাংলাদেশ ‘বি’ গ্রুপের তৃতীয় স্থানে রয়েছে। এই টুর্নামেন্টে নিয়মিত ফাইনাল খেলা বাংলাদেশকে এখন এশিয়ান গেমসে খেলতে হলে স্থান নির্ধারণী ম্যাচ খেলতে হবে। সেখানে প্রথম ম্যাচ জিতলে তারা এশিয়ান গেমসে খেলার সুযোগ পাবে। পরের ম্যাচটি হবে পঞ্চম স্থান নির্ধারণের জন্য। এশিয়ান হকি ফেডারেশনের তথ্য মতে, আসন্ন সেপ্টেম্বরে জাপানের আইচি নাগোয়ায় হকিতে ১২ দল অংশগ্রহণ করবে। স্বাগতিক জাপানের পাশাপাশি র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় ভারত,পাকিস্তান, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া ও চীন সরাসরি খেলবে। বাকি ৬ দল বাছাই থেকে খেলবে। গত ম্যাচে বাংলাদেশ ২০ বছর পর শ্রীলঙ্কার কাছে হেরেছিল। উজবেকিস্তানকে নিয়মিত ৮-১০ গোলে হারানো বাংলাদেশ গতকাল প্রথমবারের মতো পয়েন্ট হারালো। জাতীয় হকি দলের সাবেক অধিনায়ক মামুনুর রহমান চয়ন বলেন, ‘উজবেকিস্তান কখনোই আমাদের সাথে লড়াই করতে পারেনি। তারা আজ প্রথম পয়েন্ট পেয়ে এশিয়ান গেমসে আর আমাদের অপেক্ষা করতে হচ্ছে। এটা খুবই উদ্বেগজনক।’ বাংলাদেশ উজবেকিস্তানের সঙ্গে ড্র করেছেও খুব কষ্টে। ম্যাচের প্রথম কোয়ার্টারের সাত মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল পায় উজবেকিস্তান।
তারা পুরো সময় ম্যাচে প্রাধান্য বিস্তার করে। একাধিক পেনাল্টি কর্নারও আদায় করে। বাংলাদেশ গোল পরিশোধ করে চতুর্থ কোয়ার্টারের দ্বিতীয় মিনিটে। পেনাল্টি স্ট্রোক থেকে আমিরুল ইসলাম গোল করে সমতা আনেন। এরপর পেনাল্টি কর্নার পেলেও বাংলাদেশ আর লিড নিতে পারেনি।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন