যশোরের শার্শায় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) শাহরিয়ার মাহমুদ রঞ্জুর সীমাহীন দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। এসব অভিযোগে তার অপসারণ দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। সোমবার দুপুর ১২টায় শার্শা উপজেলা পরিষদ চত্বরে শার্শা উপজেলাবাসীর ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় উপজেলার ১১টি ইউনিয়নের ইউপি সদস্যসহ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বিক্ষোভ মিছিল করেন। মানববন্ধন শেষে ওই কর্মকর্তার অপসারণসহ তদন্ত পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্লোগান দিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) ফজলে ওয়াহিদের মাধ্যমে জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনান ও দুর্নীতি দমন কমিশন (দুদক) চেয়ারম্যান বরাবর স্মারকলিপি প্রদান করেন। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, শার্শা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রঞ্জু ও শার্শা ইউনিয়ন পরিষদের প্রশাসক নুরুজ্জামান পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে টেন্ডারের আড়ালে প্রকল্পগুলো একক ব্যক্তির মাধ্যমে বিভিন্ন প্রকল্পের কাজ বাস্তবায়ন করাচ্ছেন দীর্ঘদিন ধরে। টিআর, কাবিখা, কাবিটা প্রকল্পের ভুয়া সদস্য বানিয়ে তাদের কাছ থেকে স্বাক্ষর করিয়ে নিচ্ছেন এই কর্মকর্তা। বক্তারা অভিযোগ করে বলেন-ইউনিয়ন পরিষদের প্রশাসক নুরুজ্জামানের সহায়তায় বিভিন্ন উন্নয়ন প্রকল্পে নিম্নমানের কাজ সম্পাদন করে সরকারি অর্থ আত্মসাৎ। ডিহি ইউনিয়নের ট্যাঙ্করলি সড়ক নির্মাণে বালুর পরিবর্তে মাটির উপর ইট বসিয়ে নিম্নমানের কাজ। জনপ্রতিনিধিদের অফিসে ডেকে বিভিন্ন প্রকল্পের কাগজপত্রে স্বাক্ষর করিয়ে অর্থ উত্তোলন। এছাড়া নিজামপুর ইউনিয়নের চান্দুরিয়া ঘোপে ইমরানের দোকান থেকে মনজুরের বাড়ি পর্যন্ত রাস্তা সম্পূর্ণ করার কথা থাকলেও আংশিক কাজ করে বাকি অর্থ আত্মসাৎ করেছেন এই প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা। ব্যাপক অর্থিক অনিয়ম ও দুর্নীতিতে জড়িয়ে পড়েছেন এই কর্মকর্তা। তাই অভিযুক্ত রঞ্জুর অপসারণ ও সুষ্ঠু তদন্তের দাবি জানাই। মানববন্ধন থেকে দ্রুত তদন্ত করে এই প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রঞ্জুর বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়। অন্যথায় আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেয়া হবে বলেও হুঁশিয়ারি দেন বক্তারা। মানববন্ধনে বক্তব্য রাখেন-শার্শা উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক এডভোকেট মোস্তফা কামাল মিন্টু, বেনাপোল ইউনিয়ন বিএনপি’র সভাপতি আলমগীর সিদ্দিক, সাধারণ সম্পাদক আবুল কাশেম, শার্শা উপজেলা কৃষকদলের সভাপতি আমিরুল ইসলাম প্রমুখ।
শার্শায় পিআইও রঞ্জুর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, অপসারণ দাবিতে বিক্ষোভ
বেনাপোল (যশোর) প্রতিনিধি
৭ এপ্রিল (মঙ্গলবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
