ওসমানী বিমানবন্দরে যাত্রী ইমিগ্রেশন করা হচ্ছে ম্যানুয়ালি

অগ্নিকাণ্ডে সার্ভার ক্ষতিগ্রস্ত

ওসমানী বিমানবন্দরে যাত্রী ইমিগ্রেশন করা হচ্ছে ম্যানুয়ালি

ফন্ট সাইজ:

অগ্নিকাণ্ডে সার্ভার ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের ইমিগ্রেশন ম্যানুয়ালি করা হচ্ছে। গতকাল সকাল থেকে বিমানবন্দর কর্তৃপক্ষ এ পদ্ধতিতে ইমিগ্রেশন করছে। এতে কোনো সন্দেহ দেখা দিলে তারা তাৎক্ষণিক ঢাকা ইমিগ্রেশনের সহায়তা নিচ্ছেন। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হওয়া সার্ভার কবে নাগাদ চালু করা যাবে সেটি এখনই বলতে পারছেন না সংশ্লিষ্টরা। তারা জানান, যতদিন সার্ভার সচল না হবে ততদিন পর্যন্ত তারা যাত্রী যাতায়াত স্বাভাবিক রাখার স্বার্থে ম্যানুয়ালিই কার্যক্রম চালিয়ে যাবেন। বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, রোববার রাত ১১টার দিকে হঠাৎ করেই বিমানবন্দরের সার্ভার কক্ষে আগুন দেখতে পান নিরাপত্তায় নিয়োজিত কর্মীরা। তাৎক্ষণিক বিমানবন্দরের ভেতরে থাকা অগ্নি নির্বাপক যন্ত্র দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়। পরে সিলেট দমকল বাহিনীকে খবর দেয়া হলে তাদেরও দু’টি ইউনিট যায়। প্রায় আধাঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। তবে তার আগে আগুনে সার্ভারে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এটি মেরামত না করলে সচল হবে না বলে জানায় বিমানবন্দরের সিভিল এভিয়েশনের কর্মকর্তারা। বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ গণমাধ্যমকে জানান, আগুনে সার্ভার ক্ষতিগ্রস্ত হওয়ায় ওসমানী বিমানবন্দরে আগত যাত্রীদের ম্যানুয়ালি ইমিগ্রেশন করা হচ্ছে। লন্ডন থেকে ছেড়ে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের ২২২ যাত্রীর ইমিগ্রেশন ম্যানুয়ালি করা হয়েছে। সিলেট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন কর্মকর্তা কুতুব উদ্দিন জানান, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এটি তদন্ত সাপেক্ষ বিষয়। রাতে আগুন লাগার খবর পেয়ে রাত সাড়ে ১২টার দিকে সিলেট ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট বিমানবন্দরে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষয়ক্ষতির বিষয়টি ইমিগ্রেশন বিভাগ ও সিভিল এভিয়েশন তদন্ত করছে বলে জানান তিনি। এদিকে গতকাল দুপুরে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিক ও ইমিগ্রেশন পুলিশের ডিআইজি মোয়াজ্জেম হোসেন আলাদাভাবে ক্ষতিগ্রস্ত সার্ভার রুম পরিদর্শন করেন। এ সময় তারা সার্ভার রুম ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। আগুন লাগার বিষয়টি সিভিল এভিয়েশনের কর্মকর্তারা তদন্ত করছেন।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন