সুরমা চা বাগানের ২২শ’ শ্রমিকের মজুরি বন্ধ

সুরমা চা বাগানের ২২শ’ শ্রমিকের মজুরি বন্ধ

ফন্ট সাইজ:

হবিগঞ্জের মাধবপুর উপজেলার সুরমা চা বাগানে টানা চার সপ্তাহ ধরে শ্রমিকদের মজুরি (তলব) বন্ধ থাকায় চরম মানবিক সংকট দেখা দিয়েছে। প্রায় ২২শ’ শ্রমিকের পরিবারসহ কয়েক হাজার মানুষ এখন অভাব-অনটনে দিন কাটাচ্ছেন। সপ্তাহভিত্তিক মজুরির ওপর নির্ভরশীল এসব শ্রমিক পরিবারে নেমে এসেছে দুর্দশা। কাজ বন্ধ থাকায় আয় নেই। অনেক পরিবারে খাবারের সংকট দেখা দিয়েছে। বাজারে যাওয়ার সামর্থ্য হারিয়েছেন অধিকাংশ শ্রমিক। পুরো বাগান এলাকায় অচলাবস্থা বিরাজ করছে।
শ্রমিক গোপেশ ভুমিজ বলেন, আগে সপ্তাহ শেষে মজুরি পেলে কোনোভাবে সংসার চলতো। এখন কাজও নেই, আয়ও নেই। কীভাবে পরিবার চালাবেন তা নিয়ে দুশ্চিন্তায় আছেন। এদিকে এমন পরিস্থিতিতে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সলের পুত্র ও সায়হাম নিট কম্পোজিটের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ শাফকাত আহমেদ। তিনি ব্যক্তিগত উদ্যোগে শ্রমিকদের জন্য ২ লাখ ৩৬ হাজার ৫০০ টাকা সহায়তা প্রদান করেন। এ ছাড়া বিশুদ্ধ পানির জন্য চারটি টিউবওয়েল স্থাপনে আরও ৪০ হাজার টাকা দেন। শ্রমিক নেতা প্রদীপ কৈরি বলেন, হঠাৎ করে বাগানের এমন পরিস্থিতিতে শ্রমিকরা দিশাহারা হয়ে পড়েছেন। তারা দ্রুত বাগান চালু ও বকেয়া মজুরি পরিশোধের দাবি জানান। তিনি বলেন, এ দুর্দিনে পাওয়া সহায়তা শ্রমিকদের জন্য স্বস্তির।
সৈয়দ শাফকাত আহমেদ বলেন, শ্রমিকদের দুর্দশা বিবেচনায় ব্যক্তিগতভাবে সহায়তার উদ্যোগ নিয়েছেন। বাগানের সমস্যা দ্রুত সমাধান হওয়া প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন। বাগান কর্তৃপক্ষ জানায়, শ্রমিকদের বকেয়া পরিশোধ করে দ্রুত বাগান চালুর চেষ্টা চলছে। ম্যানেজার বাবুল সরকার বলেন, মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে এবং দ্রুত সমাধানের আশা করা হচ্ছে।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন