একটি সোনালী যুগের অবসান ঘটতে যাচ্ছে ম্যানচেস্টার সিটিতে। টানা ৯ মৌসুমের গৌরবোজ্জ্বল পথচলা শেষে ইত্তিহাদ ছাড়ছেন সিটিজেন অধিনায়ক বার্নার্দো সিলভা। ক্লাব কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, মৌসুম শেষেই ফ্রি এজেন্ট হিসেবে ইংলিশ জায়ান্টদের ডেরা ত্যাগ করছেন এই পর্তুগিজ মিডফিল্ডার।
এই ৩১ বছর বয়সই তারকার খেলার প্রতি অদম্য নিবেদনের প্রশংসা বরাবরই করে এসেছেন সিটি কোচ পেপ গার্দিওলা। রোববার দলের সহকারী কোচ পেপ লাইন্ডার্স জানান, চলতি মৌসুমের চুক্তি শেষ হলেই দীর্ঘ পথচলার ইতি টানবেন সিলভা। সিলভার বিদায়ের ঘোষণা দিয়ে তিনি বলেন, ‘সব ভালো গল্পেরই ইতি আছে। আশা করি, সে তার শেষ সপ্তাহগুলো উপভোগ করবে। আর মাত্র ছয় সপ্তাহ বাকি এবং শেষে সুন্দরভাবে বিদায় নিতে পারবে। মনোযোগ ও আকর্ষণের সবটুকু তার প্রাপ্য।’ দলের প্রতি তার গুরুত্ব বোঝাতে গিয়ে লিন্ডার্স আরও বলেন, ‘আপনি কখনওই একই ধরণের খেলোয়াড় দিয়ে তাকে (সিলভা) প্রতিস্থাপন করতে পারবেন না, কারণ তাদের কোনো অস্তিত্বই নেই। বার্নার্দো সিলভা অনন্য।’
মাঠের নিয়ন্ত্রণ নেয়া, বল রিসিভ করা অথবা জটিল পরিস্থিতির সমাধানের পথ খুঁজে বের করা, সবকিছুতেই অনন্য সিলভা। সিটি বস গার্দিওলার ভাষায়, একজন ‘মাস্টার’ তিনি। গত মৌসুমের কঠিন সময়ে ক্লান্ত থাকার পরেও প্রিয় শিষ্যের একাগ্রতা প্রসঙ্গে একবার এ স্প্যানিশ কোচ বলেন, ‘বার্নার্দো গত মৌসুমে ধুঁকছিল। তবে প্রতিটি ম্যাচে সে ছিল। অবসাদে দৌড়াতে পারছিল না, তবু লড়ে গেছে। আমি ওকে বলেছিলাম, ওর এই আত্মত্যাগ কখনো ভোলা হবে না।’
৮ বছর বয়সে নিজ দেশের ক্লাব বেনফিকার একাডেমিতে হাতেখড়ি সিলভার। এ ক্লাবের হয়েই ১৯ বছর বয়সে তার অভিষেক পেশাদার ফুটবলে। ২০১৫তে মোনাকোয় ধারে খেলতে যাওয়ার পর ফরাসি ক্লাবটিতেই করেন নতুন চুক্তি। সেখান থেকে ২০১৭তে সিটিতে এসে ক্রমেই গার্দিওলার দলের অপরিহার্য অংশ হয়ে ওঠেন। সিটিজেনদের হয়ে ৪৫০ ম্যাচ খেলার পথে ৬টি প্রিমিয়ার লীগ ছাড়াও ৫টি লীগ কাপ, ৩টি কমিউনিটি শিল্ড, ২টি এফএ কাপ, ১টি করে ১টি চ্যাম্পিয়নস লীগ, উয়েফা সুপার কাপ ও ক্লাব বিশ্বকাপ জিতেছেন সিলভা।
ম্যান সিটি ছাড়ছেন অধিনায়ক সিলভা
স্পোর্টস ডেস্ক
৭ এপ্রিল (মঙ্গলবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
