ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল) সহ বিগ ব্যাশ, এসএ টোয়েন্টির মতো জনপ্রিয় ফ্রাঞ্চাইজি লীগগুলোকে এক প্রকার চ্যালেঞ্জই ছুড়ে দিলেন মহসিন নাকভি। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যানের দাবি, পাকিস্তান সুপার লীগ (পিএসএল) যে গতিতে এগিয়ে যাচ্ছে, তাতে খুব শিগগিরই এটি বিশ্বের এক নম্বর টি-টোয়েন্টি লীগে পরিণত হবে।
বর্তমানে পিএসএলের একাদশ আসর চললেও আঞ্চলিক উত্তেজনার কারণে খেলা সীমাবদ্ধ রয়েছে কেবল দু’টি ভেন্যুতে। এর মধ্যেই এমন দাবি করলেন নাকভি। বিনিয়োগকারীদের ক্রমবর্ধমান আগ্রহকে সামনে রেখেই মূলত পিসিবি’র গভর্নর বোর্ডের সভায় এই সাহসী দাবি করেন তিনি। নাকভি বলেন, ‘বিনিয়োগের জন্য পিএসএল এখন সেরা বাজার। সেই সময় আর খুব বেশি দূরে নেই, যখন পিএসএল বিশ্বের এক নম্বর লীগে পরিণত হবে।’ তিনি আরও জানান, ২০২৬ সালে ফ্র্যাঞ্চাইজি সংক্রান্ত প্রক্রিয়ায় বিনিয়োগকারীদের ব্যাপক অংশগ্রহণ পাকিস্তানের ক্রিকেট কাঠামোর ওপর মানুষের আস্থারই প্রতিফলন।
তবে বাস্তব পরিসংখ্যান ও আর্থিক সক্ষমতার দিকে তাকালে নাকভির এমন দাবি কিছুটা উচ্চাভিলাষী মনে হতে পারে। বিশ্বের শীর্ষ লীগ হিসেবে মনে করা আইপিএলের মিডিয়া স্বত্বের বাজারমূল্য যেখানে প্রায় ৬ বিলিয়ন ডলার, তার পিএসএলের ক্ষেত্রে মাত্র ৯৩ মিলিয়ন ডলারের কাছাকাছি। এছাড়া, আইপিএলের বার্ষিক আয়ও যেখানে ১ বিলিয়ন ডলারের বেশি, পিএসএলের ক্ষেত্রে তা আনুমানিক ৬০ মিলিয়ন ডলারের মতো।
এমনকি ‘ওয়ার্ল্ড ক্রিকেটার্স এসোসিয়েশন’ (ডব্লিউসিএ)-এর সাম্প্রতিক র্যা ঙ্কিংয় ৪৮ পয়েন্ট নিয়ে পাঁচে রয়েছে পিএসএল।
সেখানে আইপিএলের অবস্থান তৃতীয়। মাঠের খেলার বাইরেও ইতিমধ্যে বেশ কিছু বিতর্কে জড়িয়েছে পিএসএলের চলমান আসর। বল টেম্পারিংয়ের দায়ে ফখর জামানের নিষিদ্ধ হওয়া ও হোটেল রুমে নিরাপত্তা লঙ্ঘনের অভিযোগে শাহিন আফ্রিদিকে দেয়া শাস্তি লীগটির ভাবমূর্তিকে কিছুটা হলেও ম্লান করেছে।
এছাড়া অস্ট্রেলিয়ার জনপ্রিয় লীগ বিগ ব্যাশ, ইংল্যান্ডের দ্য হানড্রেডের মতো ফ্র্যাঞ্চাইজি লীগগুলো তো আছেই। সব বাধা পেরিয়ে পিএসএল সত্যিই বিশ্বসেরা হতে পারবে কি না, তা সময়ই বলে দেবে।
‘শিগগিরই বিশ্বের এক নম্বর লীগ হবে পিএসএল’
স্পোর্টস ডেস্ক
৭ এপ্রিল (মঙ্গলবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
