মাসসেরার লড়াইয়ে বুমরাহ ও স্যামসনের সঙ্গে এস্টারহইজেন

মাসসেরার লড়াইয়ে বুমরাহ ও স্যামসনের সঙ্গে এস্টারহইজেন

ফন্ট সাইজ:

ভারতকে টানা দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতানো সঞ্জু স্যামসন ও জাসপ্রিত বুমরাহ এবার মুখোমুখি ব্যক্তিগত শ্রেষ্ঠত্বের লড়াইয়ে। মার্চ মাসের ‘আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ’ পুরস্কারের জন্য পুরুষ বিভাগে মনোনীত হয়েছেন এই দুই ভারতীয় তারকা। তাদের সঙ্গে সংক্ষিপ্ত তালিকায় জায়গা করেছেন দক্ষিণ আফ্রিকার উদীয়মান ব্যাটিং তারকা কনর এস্টারহইজেন।
সঞ্জু স্যামসনের ক্যারিয়ারের জন্য মার্চ মাসটি ছিল পুনর্জন্মের গল্প। বিশ্বকাপের শুরুতে একাদশে জায়গা না করতে পারলেও সুপার এইটের গুরুত্বপূর্ণ সময়ে দলে ফিরে অপ্রতিরোধ্য হয়ে ওঠেন তিনি। কোয়ার্টার ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৯৭ রানের অপরাজিত ইনিংস দিয়ে শুরু করেন ৩১ বছর বয়সী স্যামসন। এরপর সেমিফাইনালে ইংল্যান্ড এবং হাইভোল্টেজ ফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলেন ব্যাক-টু-ব্যাক ৮৯ রানের বিধ্বংসী ইনিংস। পুরো টুর্নামেন্টে ৩২১ রান করে বিশ্বকাপ সেরার পুরস্কারও ওঠে তার হাতেই।
অন্যদিকে, বল হাতে ব্যাটারদের চেপে ধরেন জসপ্রিত বুমরাহ। গত মাসে খেলা ৩ ম্যাচে ১২ গড়ে এ ডানহাতি পেসার নিয়েছেন ৭টি উইকেট। বিশেষ করে, কিউইদের বিপক্ষে ফাইনালে স্রেফ ১৫ রানের খরচায় ৪ উইকেট নিয়ে প্রতিপক্ষের ব্যাটিং লাইনআপকে একাই ধসিয়ে দেন তিনি। শিরোপা নির্ধারণী ম্যাচে এই স্পেলটিই ভারতকে ট্রফি এনে দেয় ট্রফি এবং পরে ফাইনালসেরাও হন বুমরাহ। এই দুই তারকার সঙ্গে লড়াইয়ে থাকা প্রোটিয়া তরুণ এস্টারহইজেনও কম যান না। নিউজিল্যান্ডের বিপক্ষে অভিষেক টি-টোয়েন্টি সিরিজে ২০০ রান করে ক্রিকেট বিশ্বের নজর কাড়েন তিনি। ৩-২ ব্যবধানে জয় পাওয়া সিরিজের সেরার পুরস্কার পান এই ২৪ বছর বয়সী ব্যাটারই। শেষ দুই ম্যাচে হন ম্যাচসেরাও।
এদিকে, নারী ক্রিকেটে মাসসেরার দৌড়ে আছেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার অ্যামেলিয়া কার, অস্ট্রেলিয়ার বেথ মুনি ও দক্ষিণ আফ্রিকার আয়াবোঙ্গা খাকা। গত মাসে ব্যাট হাতে ৪৬১ রান করার পাশাপাশি বল হাতে ২৪টি উইকেট নেন অ্যামিলিয়া কার। তাই এ দৌড়ে ফেভারিট হিসেবে দেখা হচ্ছে কিউই অলরাউন্ডারকেই।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন