এফএ কাপে দীর্ঘ ৩৯ বছরের অপেক্ষার অবসান ঘটলো লিডস ইউনাইটেডের। ওয়েস্ট হ্যাম ইউনাইটেডকে বিপক্ষে টাইব্রেকারে ৪-২ গোলের জয়ে সেমিফাইনালে পা রাখলো তারা। ১৯৮৭ সালের পর এই প্রথম ঐতিহ্যবাহী টুর্নামেন্টটির শেষ চারে জায়গা করে নিলো দ্য হোয়াইটরা। সোমবার লাইনআপ চূড়ান্ত হওয়ার পরপরই অনুষ্ঠিত হয় সেমির ড্র। ফাইনাল নিশ্চিত করতে চেলসির বিপক্ষে খেলবে লিডস। আরেক সেমিতে ম্যানচেস্টার সিটির প্রতিপক্ষ সাউদাম্পটন।
লন্ডনে রোববারের রাতটি ছিল চরম উত্তেজনাপূর্ণ। ম্যাচের ৯০তম মিনিট পর্যন্ত ২-০ গোলে এগিয়ে থেকে জয়ের সুবাস পাচ্ছিল লিডস। ২৬তম মিনিটে আও তানাকা ও ৭৫তম মিনিটে কালভার্ট-লেউইনের গোলে লিডসের জয় কেবল সময়ের ব্যাপার মনে হচ্ছিল। ঠিক তখনই ঘুরে দাঁড়ায় ওয়েস্ট হ্যাম। যোগ করার সময়ের তৃতীয় ও সপ্তম মিনিটে গোল করে অবিশ্বাস্যভাবে ম্যাচে ফেরে তারা।
ওয়েস্ট হ্যামের হয়ে গোল দু’টি করেন যথাক্রমে মাতেউস ফার্নান্দেজ ও অ্যাক্সেল দিসাসি। অতিরিক্ত ত্রিশ মিনিটের খেলায় কোনো গোল না হওয়ায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে লিডসের জয়ের নায়ক গোলকিপার লুকাস পেরি। প্রথম দুই শটে গোল মিস করে দুদলই। তবে পরের প্রতিটি পেনাল্টিই জালে জড়ায় লিডস। ওয়েস্ট হ্যামের গুরুত্বপূর্ণ শট ঠেকিয়ে দলের জয় নিশ্চিত করেন লিডস গোলকিপার পেরি।
লিডসের জয়ের পরপরই এফএ কাপের সেমির ড্র অনুষ্ঠিত হয়। ফাইনালে ওঠার লড়াইয়ে লিডস খেলবে শক্তিশালী চেলসির বিরুদ্ধে। এ ম্যাচটি ১৯৭০ সালের এফএ কাপ ফাইনালের স্মৃতি মনে করিয়ে দিচ্ছে। সেবার লিডসকে হারিয়েই শিরোপা উলাসে মাতে ব্লুরা।
অন্যদিকে, আসরের আরেক সেমিতে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি ও সাউদাম্পটন। পেপ গার্দিওলার দল কোয়ার্টার ফাইনালে লিভারপুলকে ৪-০ গোলে উড়িয়ে দিলেও, শেষ চার নিয়ে তাদের সতর্ক থাকতে হচ্ছে। কেননা, প্রিমিয়ার লীগের শীর্ষে থাকা আর্সেনালকে ছিটকে দিয়েই এই পর্বে জায়গা করেছে তারা। আগামী ২৫ ও ২৬শে এপ্রিল লন্ডনের ঐতিহাসিক ওয়েম্বলি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে শেষ চারের মহারণ।
