জুলাই গণঅভ্যুত্থান চলাকালে চট্টগ্রামে ছাত্রদল নেতা ওয়াসিমসহ ৬ জনকে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় চট্টগ্রাম-৬ আসনের সাবেক এমপি এবিএম ফজলে করিম চৌধুরীসহ ২২ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন। তবে অভিযোগ আমলে নেয়ার বিষয়ে শুনানির জন্য আজ সোমবার দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।
রোববার সকাল পৌনে ১১টায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ রেজিস্ট্রারের কাছে এ অভিযোগ জমা দেয় প্রসিকিউশন। এ সময় প্রসিকিউটর ফারুক আহাম্মদ, নতুন নিযুক্ত প্রসিকিউটর জহিরুল আমিন ও তদন্ত কর্মকর্তা আমিনুর রশিদ উপস্থিত ছিলেন।
মামলার অন্য আসামিরা হলেনÑ সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ চৌধুরী, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন, রেজাউল করিম, মহিউদ্দিন বাচ্চু, হেলাল আকবর, নুরুল আজিম রনি, শৈবাল দাশ সুমন, মোহাম্মদ ফিরোজ, আবু ছালেক, এসবারুল হক, এইচএম মিঠু, নূর মোস্তফা টিনু, দেবাশীষ পাল দেবু, জমির উদ্দিন, আজিজুর রহমান, ইমরান হাসান মাহমুদ, জাকারিয়া দস্তগীর, মহিউদ্দিন ফরহাদ, সুমন দে ও তৌহিদুল ইসলাম। আসামিরা সবাই আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গসংগঠনের সঙ্গে জড়িত।
শাপলা চত্বরে হত্যাযজ্ঞের প্রতিবেদন দাখিলে সময় বাড়লো: শাপলা চত্বরসহ দেশের বিভিন্ন স্থানে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের হত্যাকাণ্ডের অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় তদন্ত প্রতিবেদন আগামী ৭ই জুন ট্রাইব্যুনালে দাখিলের নির্দেশ দেয়া হয়েছে। এদিন সময় আবেদনের পাশাপাশি এই মামলায় আরও দু’টি আবেদন করা হয়।
পরে প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে পুলিশের সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডলকে জিজ্ঞাসাবাদের অনুমতি দেয়া হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন ও তদন্ত সংস্থা আগামী ১৫ দিনের মধ্যে যেকোনো দিন তাকে এ জিজ্ঞাসাবাদ করবে।
এ ছাড়া মানবতাবিরোধী অপরাধের এই মামলায় আটক একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির উপদেষ্টামণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবির ডিভিশন চেয়ে আবেদন করেছেন। তার আইনজীবী মেহেদী হাসান মানবজমিনকে বলেন, আমরা কারাবিধি ৯১০ অনুযায়ী শাহরিয়ার কবিরের ডিভিশন চেয়েছি। যেহেতু তিনি বিশিষ্ট নাগরিক এবং বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত সাংবাদিক, সাহিত্যিক সেহেতু কারাবিধি অনুযায়ী তিনি ডিভিশন পাওয়ার অধিকারপ্রাপ্ত। এখন এটি ট্রাইব্যুনালের সিদ্ধান্তের জন্য অপেক্ষমাণ রয়েছে।
এদিকে জুলাই আন্দোলন চলাকালে সংঘটিত হত্যাযজ্ঞসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গঠনের শুনানির জন্য ১৯শে এপ্রিল দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।
চট্টগ্রামে ছাত্রদল নেতা ওয়াসিম হত্যা
সাবেক এমপি ফজলে করিমসহ ২২ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল
স্টাফ রিপোর্টার
৬ এপ্রিল (সোমবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
