উজবেকিস্তানের বিপক্ষে আজ ঘুরে দাঁড়ানোর মিশন বাংলাদেশের

এশিয়ান গেমস হকি বাছাইপর্ব

উজবেকিস্তানের বিপক্ষে আজ ঘুরে দাঁড়ানোর মিশন বাংলাদেশের

ফন্ট সাইজ:

‘যেভাবেই হোক ম্যাচটা জিতে সেমিফাইনালে যেতে চাই’- বলছিলেন জাতীয় হকি দলের ডিফেন্ডার আমিরুল ইসলাম। দেয়ালে পিঠ ঠেকে গেছে। আজ উজবেকিস্তানের বিপক্ষে হেরে গেলে এশিয়ান গেমস হকি বাছাইপর্বের সেমিফাইনালে খেলা হবে না বাংলাদেশের। রয়েল থাই এয়ারফোর্স মাঠে দু’দলের ম্যাচ শুরু সকাল ১০টায়। দুই দশক ধরে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব খেলছে বাংলাদেশ। সবশেষ আসরে রানার্সআপ হয় লাল-সবুজ প্রতিনিধিরা। বাছাইপর্বের কোনো আসরে সেমিফাইনাল খেলা মিস করেনি বাংলাদেশ। তবে এবার সেমিফাইনালে খেলার সমীকরণ কিছুটা কঠিন করে ফেলেছে ফজলে হোসেন রাব্বির দল। বাছাইপর্বে চাইনিজ তাইপের বিপক্ষে ৪-৩ গোলে জেতার পর শ্রীলঙ্কার কাছে ৩-২ গোলে হেরে যায় বাংলাদেশ। ২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে পুল ‘বি’-তে শীর্ষে আছে শ্রীলঙ্কা। সমান ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে তিনে বাংলাদেশ। গোল পার্থক্যে এগিয়ে থাকায় দুইয়ে উজবেকিস্তান। আজ উজবেকিস্তানকে হারালে সেমিফাইনাল নিশ্চিত হবে বাংলাদেশের। উজবেকিস্তানের সঙ্গে ড্র কিংবা হেরে গেলে সেমিফাইনালে খেলা হবে না রাব্বিদের। তবে সুযোগ থাকবে এশিয়ান গেমসের মূলপর্বে খেলার। সেক্ষেত্রে সেমিফাইনালের দৌড় থেকে ছিটকে পড়া শীর্ষ চার দলের সঙ্গে লড়াই করে বাংলাদেশকে কমপক্ষে ৬ষ্ঠ হতে হবে। ঘুরে দাঁড়ানোর ম্যাচে উজবেকিস্তানের বিপক্ষে ফেভারিট বাংলাদেশ। দু’দলের সবশেষ দেখায় বাংলাদেশের কাছে ৪-২ গোলে হারে উজবেকিস্তান। সেটিও ছিল এশিয়ান গেমস হকির বাছাইপর্বের ম্যাচ। হকির বৈশ্বিক র‌্যাঙ্কিংয়ে উজবেকিস্তানের থেকে ৩১ ধাপ এগিয়ে বাংলাদেশ। র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশ ২৮তম আর উজবেকিস্তানের অবস্থান ৬১তম। তবে গত ম্যাচে র‌্যাঙ্কিংয়ে ৮ ধাপ পিছিয়ে থাকা শ্রীলঙ্কার কাছে হার দেখে বাংলাদেশ।
উজবেকিস্তান ম্যাচকে সামনে রেখে গতকাল সকালে অনুশীলন করেন আশরাফুল-রাব্বিরা। অনুশীলনে পেনাল্টি কর্নারের ওপর আলাদা জোর দেয় দল। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে ৬ পেনাল্টি কর্নারের মাত্র একটি কাজে লাগাতে পারে বাংলাদেশ।
উজবেকিস্তান ম্যাচে নিজেদের লক্ষ্য জানিয়ে ডিফেন্ডার আমিরুল বলেন, ‘যেভাবেই হোক, ম্যাচটা জিতে সেমিফাইনালে যেতে চাই। আমাদের সর্বোচ্চ দিয়ে জেতার চেষ্টা কববো।’ দলের প্রস্তুতি জানিয়ে গোলরক্ষক ও সহ অধিনায়ক বিপ্লব কুজুর বলেন, ‘গত দুইদিন আমরা উজবেকিস্তানকে হারানোর জন্য কোচের পরিকল্পনা অনুযায়ী প্রস্তুতি নিয়েছি। ছোট ছোট পাসিং, বল পজিশনিং নিয়ে আলাদা করে কোচ কাজ করেছেন।’ কোচ আশিকুজ্জামান উজবেকিস্তানকে সমীহের চোখে দেখছেন। তিনি বলেন, ‘উজবেকিস্তান ভালো দল। শ্রীলঙ্কার বিপক্ষে তারা ভালো খেলেছে। চাইনিজ তাইপেকে হারিয়েছে। তবে সেমিফাইনালে যেতে আমরা আশাবাদী।’ গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৩-১ গোলে হারে উজবেকিস্তান। দ্বিতীয় ম্যাচে চাইনিজ তাইপের জালে ৮ গোল দেয়। আগামী ৯ই এপ্রিল এশিয়ান গেমস হকি বাছাইপর্বের সেমিফাইনাল ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে। পরের দিন তৃতীয়স্থান ও শিরোপা নির্ধারণী ম্যাচ অনুষ্ঠিত হবে।
বাছাইপর্বের সেরা ৬ দল পাবে এশিয়ান গেমসের মূলপর্বে খেলার টিকিট। স্বাগতিক জাপান ও ২০২২ এশিয়ান গেমসের সেরা পাঁচ দলসহ মোট ১২ দল নিয়ে হবে এবারের এশিয়ান গেমসের মূলপর্ব। এ বছরের সেপ্টেম্বরে জাপানে হবে এশিয়ান গেমসের ২০তম আসর। এখন পর্যন্ত এশিয়ান গেমসে ১১ বার অংশ নিয়েছে বাংলাদেশ হকি দলের সর্বোচ্চ সাফল্য ষষ্ঠস্থান অর্জন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন