গাজীপুরে হাম-রোবেলা প্রতিরোধে টিকাদান কর্মসূচি উদ্বোধন

ফন্ট সাইজ:

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত বলেছেন, দেশের সকল শিশুদের টিকা নিশ্চিত করতে পারলে আমরা নিরাপদ হবো। আমাদের দেশের শিশুরা সুস্থ নিরাপদ থাকবে। হাম প্রতিরোধে দ্রুততার সঙ্গে টিকার সরবরাহ নিয়ে আন্তরিকতার সঙ্গে সরকার কাজ করছে, যেখানে ঘাটতি রয়েছে সেখানে দায়িত্ব নিয়ে সেই ঘাটতি পূরণ করা হচ্ছে। টিকার কোনো রকম ঘাটতি হবে না। টিকাদান কর্মসূচিতে বিশ্বের কয়েকটি স্বাস্থ্য সংস্থা সহযোগিতা করছে। জনগণের সম্পৃক্ততার জন্য সবার সহযোগিতা প্রয়োজন। তিনি রোববার সকালে সদর উপজেলার ভাওয়াল মির্জাপুর ইউনিয়ন পরিষদ চত্বরে হাম-রোবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচি উদ্বোধন করে এসব কথা বলেন। এ সময় তার সঙ্গে স্থানীয় সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি, ডা. রফিকুল ইসলাম বাচ্চু, জেলা প্রশাসক নুরুল করীম ভূঁইয়া, সিভিল সার্জন, স্বাস্থ্য মন্ত্রণালয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ইউনিসেফের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
জেলা সিভিল সার্জন সূত্রে জানায়, গাজীপুরে হাম ও রোবেলা প্রতিরোধে বিভিন্ন টিকাদান কেন্দ্রে ৬ মাস থেকে ৫ বছরের কমবয়সী শিশুদের মধ্যে ২৮ হাজার টিকা প্রদান করা হবে যা চলবে আগামী ১৫ দিন। এই কার্যক্রমে জেলার সদর, টঙ্গী, কোনাবাড়ি, কাশিমপুর, কালিয়াকৈর, শ্রীপুর, কাপাসিয়া, কালীগঞ্জ ও পুবাইলের বিভিন্ন এলাকায় টিকাদান কর্মসূচি চলবে। গাজীপুরসহ ১৮টি জেলার ৩০টি উপজেলায় একযোগে এ টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। এই কর্মসূচির আওতায় গাজীপুরের বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডে স্থাপন করা হয়েছে অস্থায়ী টিকাদান কেন্দ্র। ইতিমধ্যে অভিভাবকদের মাঝে ব্যাপক সাড়া দেখা গেছে।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন