সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে এলপিজি সিলিন্ডার বিক্রি করার দায়ে গাইবান্ধায় ‘মেসার্স রুহুল ট্রেডার্স’ নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযোগের পরিপ্রেক্ষিতে রোববার বিকালে শুনানি শেষে এ জরিমানা করেন অধিদপ্তরের জেলার সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মণ। অভিযোগসূত্রে জানা যায়, গত ১লা এপ্রিল শহরের জেলা স্টেডিয়াম সংলগ্ন ‘মেসার্স রুহুল ট্রেডার্স’ নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে ১২ কেজির একটি এলপিজি সিলিন্ডার কেনেন রওশন হাবিব নামে এক সংবাদকর্মী। পরে ওইদিনই এ বিষয়ে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, গাইবান্ধা জেলা কার্যালয়ে লিখিত অভিযোগ করেন তিনি। অভিযোগের পরিপ্রেক্ষিতে রোববার বিকালে দু’পক্ষ ছাড়াও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের উপস্থিতিতে জেলা কার্যালয়ে শুনানির আয়োজন করে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় অভিযোগের সত্যতার প্রমাণ পাওয়ায় মেসার্স রুহুল ট্রেডার্স নামে ওই প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। বিষয়টি নিশ্চিত করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের গাইবান্ধা জেলার সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মণ বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪০ ধারায় ‘মেসার্স রুহুল ট্রেডার্স’-এর স্বত্বাধিকারী রুহুল আমিন বাবুকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি বলেন, সরকার নির্ধারিত মূল্যের অতিরিক্ত দামে এলপিজি সিলিন্ডার বিক্রি সম্পূর্ণ অবৈধ। ভোক্তাদের সঙ্গে প্রতারণা করলে কাউকে ছাড় দেয়া হবে না। এদিকে শুনানির রায় নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন অভিযোগকারী রওশন হাবিব। তার দাবি, অভিযুক্ত প্রতিষ্ঠান শুনানিতে যেসব কাগজপত্র প্রদর্শন করেছে, সেগুলো মূলকপি ছিল না। তিনি অভিযোগ করেন, “নথিগুলো কম্পিউটারের দোকান থেকে কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে।” সঠিক বিচার পাননি উল্লেখ করে তিনি এই আদেশের বিরুদ্ধে পরবর্তী উচ্চতর পর্যায়ে আপিল করবেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন।
গাইবান্ধায় বাড়তি দামে এলপিজি সিলিন্ডার বিক্রি, ডিলারকে জরিমানা
গাইবান্ধা প্রতিনিধি
৬ এপ্রিল (সোমবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
