ভূমধ্যসাগরে নিহত সুনামগঞ্জের তিন উপজেলার শোকাহত ১২ পরিবারের হাতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে উপহার সামগ্রী তুলে দিয়েছেন সুনামগঞ্জের তিনটি সংসদীয় আসনের সংসদ সদস্যরা। রোববার দুপুরে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এসব উপহার সামগ্রী তুলে দেন সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন, সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কয়ছর আহমেদ এবং সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটি (স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত) সদস্য এডভোকেট আব্দুল হকসহ স্থানীয় নেতাকর্মীরা।
সংসদ সদস্যরা উপস্থিত গণমাধ্যমকর্মীদের জানান, এ ঘটনার খবর পাওয়ার পরপরই প্রধানমন্ত্রী তারেক রহমান তাদেরকে নিহতদের পরিবারের পাশে দাঁড়ানোর নির্দেশনা দেন এবং প্রধানমন্ত্রীর পক্ষ থেকে গভীর সমবেদনা জানান। তারা আরও বলেন, দালাল চক্রের ফাঁদে পড়ে কেউ যেন অবৈধ পথে বিদেশে যাওয়ার চেষ্টা না করেন এবং এমন ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত থেকে বিরত থাকেন। বর্তমান সরকার নির্বাচনের আগেই ঘোষণা দিয়েছেন, আগামী পাঁচ বছরের মধ্যে ১ কোটি মানুষকে বিদেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে। ইতিমধ্যে সেই কার্যক্রম শুরু হয়েছে। সরকার জি-টু-জি পদ্ধতিতে বেকার যুবকদের প্রশিক্ষণ দিয়ে বৈধভাবে বিদেশে পাঠানোর ব্যবস্থা করবেন বলেও তারা আশ্বাস দেন।
প্রসঙ্গত, গত মাসের ২৮ তারিখে লিবিয়া থেকে সাগরপথে গ্রিস যাওয়ার পথে ভূমধ্যসাগরে খাবার ও বিশুদ্ধ পানির সংকটে ২২ জনের মর্মান্তিক মৃত্যু হয়। নিহতদের মধ্যে ১৮ জন বাংলাদেশি এবং তাদের মধ্যে ১২ জন সুনামগঞ্জ জেলার তিন উপজেলার বাসিন্দা। এ ঘটনায় জেলার দিরাই ও জগন্নাথপুর উপজেলায় ৯ দালালের বিরুদ্ধে পৃথক দু’টি মামলা দায়ের করা হয়েছে।
ভূমধ্যসাগরে নিহত ১২ জনের পরিবারে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী প্রদান
সুনামগঞ্জ প্রতিনিধি
৬ এপ্রিল (সোমবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
