নারায়ণগঞ্জের ফতুল্লার ইসদাইর থেকে অপহৃত যুবক শুভ (২১)’র লাশ ৫ দিন পর রোববার শনাক্ত হয়েছে। এর আগে ৩০শে মার্চ রূপগঞ্জের কাঞ্চন পৌরসভার কালিয়াদী এলাকায় এশিয়ান হাইওয়ের পাশে একটি খাদ থেকে অজ্ঞাতপরিচয়ে শুভ’র মরদেহ উদ্ধার করে।
২৯শে মার্চ শুভকে অপহরণ করার ঘটনায় ১লা এপ্রিল তার মা মাকসুদা বেগম বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেন। মামলায় নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাখাওয়াত ইসলাম রানাকে প্রধান আসামি করে ১০ জনের নাম উল্লেখ করে ৪-৫ জনকে অজ্ঞাত আসামি করেন। সাখাওয়াত ইসলাম রানা ২০০৪ সালে র্যাবের ক্রসফায়ারে নিহত নারায়ণগঞ্জের শীর্ষ সন্ত্রাসী মোমিন উল্লাহ ডেভিডের ভাগ্নে। মামলার অন্য আসামিরা হলেনÑ সাখাওয়াত ইসলাম রানার সহযোগী কাশেম (৪৫), সাব্বির (২১), মো. শাকিল (২৮), পাপ্পু (৪০), সাংবাদিক আলী মিয়া (৩৮), জাহিদ (৩৫), আব্দুর রাজ্জাক (৫০), ওয়াসিম (২৩), লাল শুভ (২০) সহ অজ্ঞাত ৪ থেকে ৫ জন। তাদের সবার বাড়ি ফতুল্লার ইসদাইর বস্তি এলাকায়। পুলিশ এজাহারভুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করেছে। তারা হলোÑ সাব্বির, রাজ্জাক ও ওয়াসিম। তাদের দেয়া তথ্যমতে, রোববার শুভ’র লাশ শনাক্ত করে পরিবার ও পুলিশ।
নিহত শুভ’র মা মাকসুদা বেগম জানান, ২৯শে মার্চ সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে মো. শাকিল (২৫) ও লাল শুভ (২২) মুঠোফোনে জরুরি কাজের কথা বলে শুভকে ফতুল্লার চানমারী বস্তি এলাকায় ডেকে নেয়। পরে পূর্ব শত্রুতার জেরে সেখানে তাকে মারধর করে অজ্ঞাত স্থানে নিয়ে যায় অভিযুক্তরা। এরপর থেকে শুভ’র ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া যায় এবং তার কোনো খোঁজ মেলেনি। আমরা মামলা করে পুলিশকে বলেছি শুভকে খুঁজে বের করার জন্য। কিন্তু রোববার শুভ’র লাশ উদ্ধারের খবর পেলাম। আমি আমার সন্তান হত্যার বিচার চাই। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএইচএম সালাউদ্দিন বলেন, মরদেহটি অজ্ঞাত হিসেবে উদ্ধার করা হয়। তার মাথা, মুখমণ্ডল, হাত বা ও বুকে আঘাতের চিহ্ন ছিল। নীলাফুলা জখম ছিল। শরীরের এসব জখম হত্যার পূর্বের নির্যাতনের নির্দেশ করছে বলে জানান তিনি।
নারায়ণগঞ্জে অপহৃত যুবক শুভ’র লাশ শনাক্ত, মামলা
স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ থেকে
৬ এপ্রিল (সোমবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
