দীর্ঘদিন ধরে জমি দখল, মারধর, মিথ্যা মামলা ও প্রতারণার অভিযোগে অভিযুক্ত ভূমিদস্যু মো. ফারুক হোসেন (৫০) নামে এক চতুর প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পর আদালতে হাজির করা হলে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দু’পক্ষের শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
জানা গেছে, ভুক্তভোগী পরিবারের লিখিত অভিযোগ পাওয়ার পর ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) মো. মিজানুর রহমান বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। তার সরাসরি তদারকিতে গত বৃহস্পতিবার (২রা এপ্রিল) রাতে সাভারের বলিয়ারপুর এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত ফারুক হোসেনকে গ্রেপ্তার করা হয়। তিনি বনগাঁও ইউনিয়নের বলিয়ারপুর পাঁচআনী এলাকার মো. মাইনুদ্দিনের ছেলে। মামলার বাদী ও ভুক্তভোগী মো. আমির হামজা অভিযোগ করেন, তার ভাতিজা ফারুক হোসেন দীর্ঘদিন ধরে পৈতৃক বসতভিটা দখলের চেষ্টা করে আসছিলেন। জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে বিভিন্ন সময় মিথ্যা মামলা, ভয়ভীতি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে তাদের পরিবারকে এলাকা ছাড়ার জন্য চাপ সৃষ্টি করা হচ্ছিল। একাধিকবার হামলা ও হয়রানির শিকার হয়ে তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছিলেন।
অভিযোগে উল্লেখ করা হয়, গত ১৩ই ফেব্রুয়ারি বিকালে ফারুক হোসেন ও তার সহযোগীরা লাঠিসোটা ও লোহার রড নিয়ে আমির হামজার বাড়িতে হামলা চালায়। এসময় তার বড় ছেলের স্ত্রী পিংকিকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ ওঠে। হামলায় তার ছেলে জাহাঙ্গীর হোসেন, ছোট ছেলে অভি, স্ত্রী শাহনাজ বেগম এবং কোলে থাকা দুই বছর ছয় মাস বয়সী শিশু জায়ান আহত হয়। পরিবারের সদস্যরা প্রাণভয়ে ঘরের ভেতরে আশ্রয় নিলে বাইরে থেকে তালা লাগিয়ে তাদের আটকে রেখে আগুন দিয়ে হত্যার হুমকি দেয়া হয় বলে অভিযোগে বলা হয়েছে। পরে পরিবারের সদস্যরা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তালা খুলে আহতদের উদ্ধার করে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার ব্যবস্থা করে।
ভুক্তভোগী আমির হামজা আরও অভিযোগ করেন, ফারুক হোসেন দীর্ঘদিন ধরে প্রভাব খাটিয়ে মিথ্যা মামলা দিয়ে নিরীহ মানুষকে হয়রানি করে আসছেন। তদন্তকারী কর্মকর্তাদের বিরুদ্ধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অভিযোগ দিয়ে চাপ সৃষ্টি করা এবং পৈতৃক জমি জোরপূর্বক দখলের চেষ্টা করার ঘটনাও তুলে ধরেন তিনি। এমন পরিস্থিতিতে নিরুপায় হয়ে তিনি ঢাকা জেলার পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দেন এবং ন্যায়বিচারের আবেদন জানান। অভিযোগ পাওয়ার পর পুলিশ সুপার মো. মিজানুর রহমান বিষয়টি তাৎক্ষণিকভাবে আমলে নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। তার নির্দেশে পুলিশ দ্রুত তদন্ত কার্যক্রম পরিচালনা করে এবং অভিযুক্ত ফারুক হোসেনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এদিকে ফারুক হোসেনের গ্রেপ্তারে ভুক্তভোগী পরিবার, এলাকাবাসী ও স্থানীয় সচেতন মহল স্বস্তি প্রকাশ করেছেন। এ ব্যাপারে সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নূর মোহাম্মদ বিষয়টি নিশ্চিত করে জানান, জমিসংক্রান্ত বিরোধ ও মারধরের ঘটনায় দায়ের করা মামলার তদন্তের ভিত্তিতে ফারুক হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে এবং আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
এসপি’র নজরে আসতেই থামলো প্রতারণার খেলা, প্রতারক কারাগারে
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি
৬ এপ্রিল (সোমবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
