মারা গেলেন মানিকগঞ্জ-১ আসনের সাবেক এমপি আনোয়ারুল হক

ফন্ট সাইজ:

মানিকগঞ্জ-১ (দৌলতপুর-ঘিওর-শিবালয়) আসনের সাবেক সংসদ সদস্য এবিএম আনোয়ারুল হক আর নেই। (ইন্না লিল্লাহি... রাজিউন)। রোববার সকাল ৮টার দিকে ঢাকার শ্যামলী স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি দুই স্ত্রী, তিন পুত্র, দুই কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ১৯৪৯ সালে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাচামারা গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন আনোয়ারুল হক। ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা সম্পন্ন করে তিনি সড়ক ও জনপথ (সওজ) বিভাগে দীর্ঘদিন কর্মরত ছিলেন।
পরবর্তীতে সক্রিয় রাজনীতিতে যুক্ত হয়ে ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনকালে তিনি পানিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন। তার উদ্যোগে জাফরগঞ্জ বেড়িবাঁধ নির্মাণ প্রকল্প অনুমোদন পায়। এছাড়া নিজ নির্বাচনী এলাকায় বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। তার মৃত্যুতে রাজনৈতিক, সামাজিক ও সর্বস্তরের মানুষ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন