কমলগঞ্জে কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি, আহত ৫

ফন্ট সাইজ:

মৌলভীবাজারের কমলগঞ্জে ১০ মিনিটের কালবৈশাখী ঝড়ে সীমান্তবর্তী ইসলামপুর ইউনিয়নে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ে লণ্ডভণ্ড হয়েছে বিদ্যুৎ সঞ্চালন লাইন। উপড়ে গেছে সহস্রাধিক গাছপালা। ঝড়ে গাছের ডাল ভেঙে বসতঘরে পড়ে আহত হয়েছেন ৫ জন। রোববার দুপুরে কমলগঞ্জের ভারত সীমান্তবর্তী ইসলামপুর ইউনিয়নের উপর দিয়ে এই কালবৈশাখী ঝড় বয়ে যায়।
চাম্পারায় চা বাগানের চা শ্রমিক সুকরাম বলেন, রোববার দুপুরে ঝড় বয়ে যায়। ১০ মিনিটের ঝড়েই সব লণ্ডভণ্ড করে দেয়। ঝড়ে সরকারি মালিকানাধীন কুরমা ও চাম্পারায় চা বাগানে লণ্ডভণ্ড হয়েছে বিদ্যুৎ সঞ্চালন লাইন। অসংখ্য কাঁচা বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। চাম্পারায় চা বাগানের বড় লাইনের খ্রিষ্টান টিলায় বড় বটগাছের বিশাল একটি ডাল শীতেশ অলমিক নামের এক চা শ্রমিকের বসতঘরে ভেঙে পড়ে। এতে পুরো ঘরটি বিধ্বস্ত হয়ে শীতেশ অলমিক, তার মা সুরমা অলমিক ও আত্মীয় সুমন খয়রাসহ কমপক্ষে ৫ জন আহত হন। তাদের মধ্যে গুরুতর আহত শীতেশ ও সুমনকে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে। চাম্পারায় চা বাগানের ব্যবস্থাপক রাহেল রানা বলেন, কালবৈশাখী ঝড়ে চা বাগানের সেকশনসহ সড়ক পাশের সহস্রাধিক গাছপালা ভেঙে ও উপড়ে পড়েছে। বড় লাইনে একটি বসতঘরে বটগাছের ডাল ভেঙে বসতঘরটি পুরোপুরি ক্ষতিগ্রস্ত ও আহতের ঘটনা ঘটেছে। এ ছাড়া বাগানের কমপক্ষে ১০টি কাঁচা ও পাকা বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান বলেন, ঝড়ে ক্ষতিগ্রস্তের বিষয়টি বাগান কর্তৃপক্ষের মাধ্যমে শুনেছি। ক্ষতিগ্রস্ত পরিবারকে সরকারি সাহায্যের ব্যবস্থা করা হবে।
মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির কমলগঞ্জ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) রঞ্জন কুমার ঘোষ বলেন, ঝড়ে ইসলামপুর ইউনিয়নের কুরমা ও চাম্পারায় চা বাগানে গাছ ভেঙে ও উপড়ে পড়ে দুটি খুঁটি ভেঙে পড়েছে। অসংখ্য স্থানে বিদ্যুতের তার ছিঁড়ে গেছে। বিদ্যুৎ সঞ্চালন লাইনে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে চাম্পারায় চা বাগানে। বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে কাজ চলছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন