বিশ্বকাপ পর্যন্ত মেয়াদ বাড়লো ওয়ানডে টি-টোয়েন্টি অধিনায়কের

বিসিবির সভায় একগুচ্ছ সিদ্ধান্ত

বিশ্বকাপ পর্যন্ত মেয়াদ বাড়লো ওয়ানডে টি-টোয়েন্টি অধিনায়কের

ফন্ট সাইজ:

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বোর্ড সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মিরপুরে বিসিবি কার্যালয়ে এই সভা সম্পন্ন হয়। সভায় দেশের ক্রিকেটের ভবিষ্যৎ রূপরেখা নিয়ে একগুচ্ছ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে জাতীয় দলের বর্তমান নেতৃত্বে বোর্ড পুনরায় আস্থা রেখেছে। আগামী বিশ্বকাপ পর্যন্ত ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের বর্তমান অধিনায়কদের মেয়াদ আনুষ্ঠানিকভাবে বাড়ানো হয়েছে। পাশাপাশি ঘরোয়া ক্রিকেট, কোচিং প্যানেল, ম্যাচ অফিশিয়াল এবং খেলোয়াড়দের আর্থিক নিরাপত্তার বিষয়গুলো এই সভায় বিশেষ গুরুত্ব পেয়েছে। জাতীয় দলের কোচিং স্টাফে বড় পরিবর্তন আনা হয়েছে। স্পেশালিস্ট স্পিন বোলিং কোচ হিসেবে সাবেক তারকা ক্রিকেটার মোহাম্মদ রফিককে নিয়োগ দিয়েছে বোর্ড। ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় আসর ঢাকা প্রিমিয়ার লীগ দ্রুত মাঠে গড়ানোর চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়েছে। নারী ক্রিকেটের উন্নয়নেও নতুন টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা দেওয়া হয়েছে। সব মিলিয়ে দেশের ক্রিকেটের সামগ্রিক কাঠামো শক্তিশালী করতে এই সভাটি ক্রিকেটের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখবে। বিসিবি চায় একটি সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে জাতীয় দল ও ঘরোয়া ক্রিকেটকে এগিয়ে নিতে। দীর্ঘমেয়াদে দল গোছানোর পর্যাপ্ত সুযোগ দিতেই মূলত এমন কৌশলগত পদক্ষেপ নিয়েছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। গতকাল দুপুর থেকে শুরু হয়ে এই সভা চলেছে টানা ৯ ঘণ্টা। 

বিসিবির এই বোর্ড সভাটি অনেক দিক থেকেই ব্যতিক্রমী ও সময়োপযোগী। সাম্প্রতিক সময়ে দেশের ক্রিকেটে বেশ কিছু অস্থিরতা দেখা গেছে। কিছু পরিচালকের ব্যক্তিগত কারণে পদত্যাগের ঘটনাও ঘটেছে। এর মধ্যেও বোর্ড নিজেদের নিয়মিত কার্যক্রম স্বাভাবিক রাখতে দৃঢ়প্রতিজ্ঞ। বিসিবির অভ্যন্তরীণ সংস্কার নিয়েও সভায় বিস্তারিত আলোচনা হয়েছে। দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীলতা নীতির কথাও স্পষ্টভাবে জানানো হয়েছে। সরকারের যেকোনো ধরনের তদন্তে বিসিবি পূর্ণ সহযোগিতা করবে বলে নিশ্চিত করা হয়েছে। বিসিবি চায় তাদের সব কার্যক্রমে শতভাগ স্বচ্ছতা বজায় থাকুক। সভার পর গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবির মুখপাত্র বিভিন্ন প্রশ্নের খোলামেলা উত্তর দেন। তিনি জানান, বিসিবির নতুন এইচআর পলিসি চূড়ান্তভাবে অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়া ন্যাশনাল সিলেকশন প্যানেলও নতুন করে নির্ধারণ করা হয়েছে। ক্রীড়া সাংবাদিকদের পেশাগত দক্ষতা বাড়াতে বিশেষ স্কলারশিপ প্রোগ্রাম চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্পোর্টস জার্নালিজমে বিদেশে উচ্চশিক্ষার জন্য বিসিবি সার্বিক সহযোগিতা করবে। প্রতি তিন মাস অন্তর একটি মানসম্মত স্পোর্টস জার্নাল প্রকাশের প্রশংসনীয় উদ্যোগও নেওয়া হয়েছে। এছাড়া নারী বিপিএল ও নারী কাপ আয়োজনের বিষয়টি চূড়ান্ত হয়েছে। বোর্ড মনে করে, এই বহুমুখী পদক্ষেপগুলো অচিরেই দেশের ক্রিকেটের মূল ভিত্তি মজবুত করবে।

অধিনায়কদের মেয়াদ বৃদ্ধি:
ওয়ানডেতে মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত এবং টি-টোয়েন্টিতে লিটন দাসের নেতৃত্বে ২০২৮ বিশ্বকাপ পর্যন্ত আস্থা রেখেছে বোর্ড। সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন নাজমুল হোসেন শান্ত ও সাইফ হাসান। এ বিষয়ে বিসিবি জানায়, ‘আমরা ফিল করি যে ক্যাপ্টেনরা যেন নিরবচ্ছিন্নভাবে কাজ করতে পারে এবং লং টার্ম ভিশন নিয়ে এগোতে পারে। মিরাজ ও লিটনের অধীনে দল উন্নতি করেছে। একটি গোছানো দল পেতে তাদের লম্বা সময় দেওয়া হয়েছে।’

পেনশন স্কিম চালু:
সাবেক ও বর্তমান ক্রিকেটার এবং ম্যাচ অফিশিয়ালদের আর্থিক নিরাপত্তার জন্য যুগান্তকারী পেনশন স্কিম চালুর নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিসিবির বক্তব্য হলো, ‘খেলোয়াড় ও অফিশিয়ালদের ভবিষ্যৎ সুরক্ষিত করাই মূলত আমাদের প্রধান লক্ষ্য। এ বিষয়ে প্রাইমারিলি একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটি আগামী সভায় তাদের পূর্ণাঙ্গ প্রস্তাবনা জমা দেবে।’

ঘরোয়া ক্রিকেট আয়োজন:
দেশের ক্রিকেটের প্রধান পাইপলাইন ঢাকা প্রিমিয়ার লীগ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইন্টার ইউনিভার্সিটি টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা দেওয়া হয়েছে। এছাড়া আধুনিকায়নের লক্ষ্যে ডোমেস্টিক প্লেয়ার অ্যানালিটিক্যাল অ্যাপ উদ্বোধন করা হবে। বিসিবির মতে, ‘সিসিডিএম দ্রুত লীগ শুরু করতে আগামী ৮ তারিখ সব ক্লাবকে মিটিংয়ে ডেকেছে। অ্যাপটির মাধ্যমে ঘরোয়া পারফরম্যান্স মূল্যায়ন করা যাবে।’

স্পিন কোচ নিয়োগ:
জাতীয় দল ও পাইপলাইনের জন্য স্পেশালিস্ট স্পিন কোচ হিসেবে মোহাম্মদ রফিককে এক বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে। বিসিবির ভাষ্য, ‘আমাদের স্পিন কোচের বেশ সংকট রয়েছে। রফিক রেডিমেড লোক। তার অভিজ্ঞতা ও আক্রমণাত্মক মানসিকতা আমাদের ভবিষ্যৎ স্পিনার তৈরিতে দারুণ কার্যকর ভূমিকা রাখবে।’

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন