মালয়েশিয়া থেকে বিপুল পরিমাণ ডিজেল নিয়ে ‘শান গ্যাং ফা জিয়ান’ নামের একটি অয়েল ট্যাংকার চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে। শুক্রবার রাত প্রায় ১০টার দিকে জাহাজটি বঙ্গোপসাগরের কুতুবদিয়া উপকূল সংলগ্ন এলাকায় নোঙর করে। জাহাজটির স্থানীয় এজেন্ট প্রাইড শিপিং লাইন্স-এর ম্যানেজিং পার্টনার নজরুল ইসলাম জানান, ট্যাংকারটিতে ৩৪ হাজার টনেরও বেশি ডিজেল রয়েছে। এর মধ্যে ৫ থেকে ৬ হাজার টন ডিজেল বহির্নোঙরেই ছোট জাহাজের মাধ্যমে (লাইটারিং) খালাস করা হবে। এই প্রক্রিয়া সম্পন্ন করতে অন্তত দুইবার ছোট অয়েল ট্যাংকার ব্যবহার করা হবে। তিনি আরও জানান, প্রাথমিক খালাস শেষে জাহাজটি রোববার পতেঙ্গা এলাকার ডলফিন জেটিতে ভিড়তে পারে, যেখানে বাকি জ্বালানি খালাস করা হবে।
এদিকে, সিঙ্গাপুর থেকে ২৭ হাজার ৩০০ টন ডিজেল নিয়ে আসা আরেকটি জাহাজ ইতিমধ্যে চট্টগ্রাম বন্দরের ৬ নম্বর ডলফিন জেটিতে খালাস কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং সেটি রোববারের মধ্যে বন্দর ত্যাগ করার কথা রয়েছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম বলেন, দেশের চলমান জ্বালানি সংকট মোকাবিলায় তেল ও গ্যাসবাহী জাহাজগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে বার্থিং সুবিধা দেয়া হচ্ছে। বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি) এর তথ্য অনুযায়ী, আগামী ২০শে এপ্রিল সৌদি আরবের ইয়ানবু কমার্শিয়াল পোর্ট থেকে এক লাখ টন তেল জাহাজে লোড করা হবে। আরও এক লাখ টন তেল নিয়ে হরমুজ প্রণালিতে আটকা পড়ে আছে ‘এমটি নরডিক পলুকস’ নামের জাহাজ। মে মাসের প্রথম সপ্তাহের মধ্যে দুই জাহাজ মিলিয়ে মোট দুই লাখ টন অপরিশোধিত তেল চট্টগ্রাম বন্দরে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। পরে এসব তেল রাষ্ট্রায়ত্ত ইস্টার্ন রিফাইনারিতে পরিশোধন করে বাজারজাত করা হবে।
৩৪ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে ট্যাংকার ‘শান গ্যাং ফা জিয়ান’
স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম থেকে
৫ এপ্রিল (রবিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
