অনুমাননির্ভর বা যাচাইবিহীন সংবাদ প্রকাশ থেকে গণমাধ্যমকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, দ্রুত তথ্য ছড়িয়ে পড়ার এই ডিজিটাল যুগে বিভ্রান্তি এড়াতে প্রতিটি সংবাদ প্রকাশের আগে অবশ্যই ফ্যাক্ট চেকিং নিশ্চিত করতে হবে। গত শুক্রবার রাতে পাবনা প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যম ও ইউটিউবসহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফরমে নানা ধরনের তথ্য ও সংবাদ প্রচার হচ্ছে, যার অনেকগুলোই বিভ্রান্তিকর। তাই দায়িত্বশীল সাংবাদিকতার স্বার্থে যাচাই ছাড়া কোনো সংবাদ প্রকাশ করা উচিত নয়।
তিনি আরও বলেন, পাবনা প্রেস ক্লাব দেশের অন্যতম ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান এবং এখানকার সাংবাদিকদের পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক অন্যদের জন্য দৃষ্টান্ত হতে পারে। সাংবাদিকদের ঐক্য সুদৃঢ় করতে প্রতিটি জেলায় একটি করে শক্তিশালী প্রেস ক্লাব গড়ে তুলতে সরকার কাজ করছে বলেও জানান তিনি। মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, বর্তমান সরকার গণমাধ্যমকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। গণমাধ্যমের গঠনমূলক সমালোচনা ইতিবাচকভাবে গ্রহণ করে সেসব বিষয় নিয়ে কাজ করা হচ্ছে। পাবনা প্রেস ক্লাবের সভাপতি আখতারুজ্জামান আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পাবনা সদর আসনের সংসদ সদস্য এডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, জেলা বিএনপি’র আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, প্রেস ক্লাবের সাবেক সভাপতি শিবজিত নাগ ও এ বি এম ফজলুর রহমান, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মাসুদ খন্দকার, প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগ, প্রেস ক্লাবের সহ-সভাপতি এস এম আলাউদ্দিন, সাবেক সম্পাদক উৎপল মির্জা, সাংবাদিক রাজিউর রহমান রুমী ও ড. নরেশ মধু প্রমুখ।
পাবনা প্রেস ক্লাবের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ইয়াদ আলী মৃধা পাভেলের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম। এর আগে শুক্রবার সন্ধ্যায় তথ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে ৮ দিনব্যাপী ‘পাবনা বইমেলা’র উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, গণমাধ্যমের দায়িত্বশীল স্বাধীনতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল অংশীজনের সঙ্গে আলোচনা শুরু হয়েছে। পাশাপাশি অতীতে গণমাধ্যমকর্মীদের ওপর নির্যাতনের ঘটনাগুলোর তালিকা প্রস্তুত করা হচ্ছে। জেলা জাসাসের আহ্বায়ক খালেদ হোসেন পরাগের সভাপতিত্বে বইমেলা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপি’র আহ্বায়ক হাবিবুর রহমান ও সদস্য সচিব এডভোকেট মাসুদ খন্দকার প্রমুখ।
