সিলেট নগরীর বন্দরবাজার কালেক্টরেট জামে মসজিদ মার্কেটের দোকান কোঠা নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে জেলা প্রশাসনের দীর্ঘদিনের মতবিরোধ নিরসনে ইতিবাচক আশ্বাস দিয়েছেন বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সিলেটে মন্ত্রীর সঙ্গে ব্যবসায়ী নেতৃবৃন্দের এক সৌজন্য সাক্ষাৎকালে তিনি এই আশ্বাস প্রদান করেন। সাক্ষাৎকালে ব্যবসায়ী নেতৃবৃন্দ কালেক্টরেট মসজিদ মার্কেটের দোকানদারদের বর্তমান সমস্যা ও জেলা প্রশাসনের সঙ্গে সৃষ্ট জটিলতার আদ্যোপান্ত মন্ত্রীর কাছে তুলে ধরেন। দোকান মালিকদের পক্ষে মো. ইনামুল করিম চৌধুরী বিস্তারিত ব্যাখ্যা করলে মন্ত্রী মনোযোগ দিয়ে শোনেন এবং বিষয়টি সুষ্ঠু সমাধানের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার প্রতিশ্রুতি দেন। আলোচনাকালে ব্যবসায়ী নেতৃবৃন্দ দেশের বাণিজ্যিক পরিবেশ উন্নয়নে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাবনা তুলে ধরেন। তারা বলেন, বাংলাদেশে ব্যবসাবান্ধব পরিবেশ ফিরিয়ে আনতে স্থগিত হওয়া চেম্বার এসোসিয়েশনগুলোর নির্বাচন দ্রুত সম্পন্ন করা জরুরি, বিশেষ করে সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচন আয়োজনে তারা জোর দাবি জানান। নেতৃবৃন্দ সিলেটে নতুন বিসিক শিল্প এলাকা স্থাপনের প্রয়োজনীয়তা উল্লেখ করে বলেন, বর্তমানে সিলেটে কোনো প্লট খালি নেই, যা শিল্পায়নে বাধা সৃষ্টি করছে। এ ছাড়া আমলাতান্ত্রিক জটিলতা ও সরকারি ব্যয় কমাতে বিসিক, বিডা, স্পেশাল ইকোনমিক জোন এবং এক্সপোর্ট প্রসেসিং জোনসহ সংশ্লিষ্ট সব সংস্থাকে একটি সমন্বিত কাঠামোর বা ‘এক ছাতার নিচে’ নিয়ে আসার আহ্বান জানান তারা। তারা উল্লেখ করেন যে, বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে এ বিষয়ে কিছু প্রাথমিক উদ্যোগ নেয়া হয়েছিল। সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন মহানগর বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাবেক সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী এবং আব্দুল আলিম দীপক।
সিলেটে ব্যবসায়ীদের যে সমস্যা সমাধানে আশ্বাস বাণিজ্যমন্ত্রীর
স্টাফ রিপোর্টার, সিলেট থেকে
৫ এপ্রিল (রবিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
