চীনের বিপক্ষে লড়াইয়ের প্রত্যয় অর্পিতাদের

এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ

চীনের বিপক্ষে লড়াইয়ের প্রত্যয় অর্পিতাদের

ফন্ট সাইজ:

এশিয়ার মঞ্চে অভিষেক রাঙানোর দারুণ সুযোগ হাতছাড়া করা বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী দলের সামনে এবার কঠিন চ্যালেঞ্জ। ‘এ’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ শক্তিশালী চীনের বিপক্ষে খেলবে পিটার বাটলারের শিষ্যরা। থাইল্যান্ডের নন্থাবুরির মাঠে দু’দলের মধ্যকার লড়াই শুরু বিকাল ৪টায়। নারী ফুটবলের এশিয়ায় পাওয়ার হাউজদের বিপক্ষে চোখে চোখ রেখে লড়াইয়ের আশা বাংলাদেশ অধিনায়ক অর্পিতা বিশ্বাসের। এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের প্রতিটি আসরে খেলেছে চীন। এই আসরের আগের ১১ আসরের ৯টিতে সেমিফাইনাল খেলেছে দলটি। গ্রুপপর্ব থেকে বাদ পড়ে দুইবার। এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপে ঘরের মাঠে ২০০৪ সালে প্রথমবার ফাইনাল খেলে চীন। তবে দক্ষিণ কোরিয়ার কাছে ৩-০ গোলে হেরে শিরোপা স্বপ্নভঙ্গ হয়। দুই বছর পরই এ টুর্নামেন্টে শিরোপা জয়ের আক্ষেপ কাটায় চীন। মালয়েশিয়ায় মাটিতে ২০০৬ সালে হওয়া এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের তৃতীয় আসরে চ্যাম্পিয়ন হয় চীন। এবারের আসরেও শুভসূচনা করেছে দলটি। নিজেদের প্রথম
ম্যাচে ভিয়েতনামকে ৩-০ গোলে হারিয়েছে। সেই চীনের বিপক্ষে লড়াইয়ের কথা জানান বাংলাদেশ অধিনায়ক অর্পিতা। তিনি বলেন, ‘আমরা তাদের সঙ্গে ফাইট করবো এবং আমরা রেডি তাদের সাথে ফাইট করার জন্য।’ নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক থাইল্যান্ড দলের বুকে কাঁপন ধরিয়ে দেয় বাংলাদেশ। রক্ষণভাগের ব্যর্থতায় জিততে জিততে হেরে যায় লাল-সবুজ মেয়েরা। সেই হারের ক্ষত দূরে ঠেলে চীন ম্যাচের জন্য প্রস্তুত হয়েছে বাংলাদেশ দল। রিকাভারি ও অনুশীলন সেশনে মেয়েদের দুর্বলতা নিয়ে কাজ করেছেন বাংলাদেশের হেড কোচ পিটার বাটলার। বিশেষ করে ডিফেন্ডারদের পজিশন ও ফরোয়ার্ডদের ফিনিশিং নিয়ে পরামর্শ দিয়েছেন এ বৃটিশ কোচ। থাইল্যান্ড ম্যাচে যে ভুল হয়েছে তার থেকে শিক্ষা নিয়ে চীনকে মোকাবিলা করবে বাংলাদেশ-এমনটাই জানান অর্পিতা। তিনি বলেন, ‘আমরা সেখানে যেগুলো মিসটেক করেছি, কোচ সেগুলো নিয়ে কাজ করেছেন। আমাদের পজিশন, শেপ-যেগুলো ভুল ছিল সেগুলো নিয়ে কাজ করেছেন। ফিনিশিং প্রবলেম ছিল আমাদের-সেগুলো নিয়ে কাজ করা হয়েছে।’ চীন ম্যাচের আগের দিন বাংলাদেশ দলের ২৩ সদস্যই অনুশীলন করেছেন। ফলে সম্ভাব্য সেরা একাদশ সাজানোর সুযোগ পাচ্ছেন বাটলার। অন্যদিকে ভিয়েতনামের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়লেও বাংলাদেশের বিপক্ষে শিষ্যদের পারফরম্যান্সে উন্নতি চান চীনের হেড কোচ কলিন বেল। এই ইংলিশ কোচ বলেন, ‘ভিয়েতনামের বিপক্ষে আমরা অনেকবার বলের নিয়ন্ত্রণ হারিয়েছি। বাংলাদেশের বিপক্ষে আমাদের বল দখলে রাখা, শক্তি সঞ্চয় করা এবং আরও সাবলীল হওয়ার ক্ষেত্রে উন্নতি করতে হবে।’
বাংলাদেশের বিপক্ষে পূর্ণশক্তির দল নামাতে পারবে না চীন। এছাড়া প্লেয়ারদের ফিটনেস বিবেচনায় ওয়ার্কলোড ম্যানেজম্যান্ট নিয়ে ভাবার ইঙ্গিত দিয়েছেন দলটির কোচ। তিনি বলেন, ‘আমাদের কিছু ইনজুরি সমস্যাও রয়েছে। যেহেতু গরম একটি বড় ফ্যাক্টর, তাই হয়তো আমরা সেই অনুযায়ী খেলোয়াড় বদলানোর কথা ভাববো।’ শক্তিমত্তায় পিছিয়ে থাকলেও বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছে না চীন। এ নিয়ে দলটির হেডকোচ বলেন, ‘বাংলাদেশ দ্রত উন্নতি করছে। তাদের দলে সামর্থ্যবান খেলোয়াড় রয়েছে।’
আগামী ৭ই এপ্রিল গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে ভিয়েতনামের বিপক্ষে খেলবে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী দল।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন