১৯৭ জনকে নির্বাহী প্রকৌশলীর চলতি দায়িত্ব প্রদানের মাধ্যমে অবশেষে খুলতে শুরু করেছে এলজিইডি’র দীর্ঘদিনের জট। এ বিষয়ে ২রা এপ্রিল স্থানীয় সরকার বিভাগ একটি প্রজ্ঞাপন জারি করেছে। দায়িত্ব পাওয়ার প্রকৌশলীদের ভাষ্যমতে, সততা, নিষ্ঠা ও ন্যায় পরায়ন এবং দূরদর্শী সংগঠক স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দিকনির্দেশনায় ১৯৭ জন সিনিয়র সহকারী প্রকৌশলীকে এলজিইডি’র শূন্যপদে চলতি দায়িত্ব প্রদান করা হয়েছে। এলজিইডি স্থানীয় সরকার ব্যবস্থার অধীনে দেশের প্রত্যন্ত অঞ্চলে টেকসই উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এই সংস্থার কার্যক্রম দেশের অর্থনৈতিক উন্নয়ন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং গ্রামীণ জনগণের জীবনমান উন্নয়নে সরাসরি প্রভাব ফেলে। কিন্তু দীর্ঘদিন ধরে নির্বাহী প্রকৌশলীর প্রায় দুই শত পদ শূন্য ছিল এবং যোগ্যপ্রার্থী থাকা সত্ত্বেও এই পদগুলো পূরণের জন্য কোনো জোরালো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। যার ফলে এলজিইডির কার্যক্রমে বিভিন্ন ধরনের জটিলতা সৃষ্টি হয়েছিল, যেমন- প্রকল্প বাস্তবায়নে বিলম্ব, তদারকির ঘাটতি, প্রশাসনিক চাপ বৃদ্ধি এবং জনসেবায় বিঘ্ন। দীর্ঘদিন নির্বাহী প্রকৌশলীর কয়েক শত পদশূন্য থাকলেও নানা জটিলতায় পদোন্নতি দেয়া যাচ্ছিল না। এ বিষয়টি চিন্তা করে বর্তমান নির্বাচিত সরকারের দূরদর্শী নেতৃত্ব চলতি দায়িত্ব প্রদানের মাধ্যমে এলজিইডি’র চলমান জনবলের সমস্যা দূর করার চেষ্টা করেছে।
এ বিষয়ে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের মন্ত্রী, প্রতিমন্ত্রী, স্থানীয় সরকার বিভাগের, সচিবসহ সংশ্লিষ্ট সকল কর্মকর্তাগণকে ধন্যবাদ জানান সংশ্লিষ্ট কর্মকর্তাগণ। চলতি দায়িত্বের বিষয়ে তারা বলেন, চলতি দায়িত্ব ও অতিরিক্ত দায়িত্ব প্রদান বিধিমালা, ২০২৩ অনুযায়ী চলতি দায়িত্বকে কোনোভাবেই পদোন্নতি হিসেবে গণ্য করা যাবে না।
