নিয়ম ভেঙে জ্বালানি তেল বিক্রি, যমুনা ডিলারের জরিমানা

ফন্ট সাইজ:

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় সরকারি বিধিনিষেধ অমান্য করে নির্ধারিত স্থানের বাইরে জ্বালানি তেল বিক্রির অভিযোগে যমুনা অয়েল কোম্পানির এক পরিবেশককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। বৃহস্পতিবার বিকালে মাটিরাঙ্গা পৌর এলাকায় পরিচালিত এক অভিযানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদুর রহমান এ দণ্ডাদেশ দেন। অভিযানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। জানা গেছে, মাটিরাঙ্গা উপজেলায় বরাদ্দকৃত জ্বালানি তেল নিয়ম বহির্ভূতভাবে ড্রামে সংরক্ষণ করে উচ্চমূল্যে বিক্রির বিষয়ে বেশ কিছুদিন ধরে অভিযোগ পাওয়া যাচ্ছিলো। এসব অভিযোগ যাচাই বাছাইয়ের অংশ হিসেবে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের সময় মেসার্স খোদেজা আক্তার প্রিয়াসী এন্টারপ্রাইজ (মেসার্স এমরান এন্টারপ্রাইজ)-এর বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া যায়। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুর রহমান বলেন, জ্বালানি তেল বিক্রির ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না। যারা সরকারি নিয়ম অমান্য করে অবৈধভাবে তেল বিক্রি করবে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, ভোক্তা স্বার্থ সুরক্ষা এবং বাজারে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সতর্ক থাকারও আহ্বান জানান তিনি।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন