সড়ক দুর্ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মৌমিতা হালদার নিহতের ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান বাদী হয়ে খুলনা সদর থানায় মামলাটি দায়ের করেন। এর আগে ঘটনার পরদিন ৩১শে মার্চ বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে ঘাতক চালককে গ্রেপ্তার, সংশ্লিষ্ট গাড়ি জব্দ এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ প্রদানের দাবি জানিয়ে খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও জেলা প্রশাসকের কাছে পৃথকভাবে চিঠি দেয়া হয়। এদিকে বৃহস্পতিবার সকাল ১১টায় ক্লাস বর্জন করে সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ কর্মসূচি পালন করেন। এ সময় উপস্থিত হয়ে উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করেন। উপাচার্য জানান, ঘটনার পরপরই পুলিশ কমিশনারের সঙ্গে একাধিকবার কথা হয়েছে এবং তিনি বিষয়টিকে গুরুত্ব সহকারে দেখছেন। তদন্ত কার্যক্রম চলমান থাকলেও সিসিটিভি ক্যামেরার ফুটেজ অস্পষ্ট হওয়ায় এখনো চালককে শনাক্ত করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ। তিনি আরও বলেন, সিসিটিভি ফুটেজ সংগ্রহের জন্য সিটি করপোরেশনের প্রশাসক ও জেলা পরিষদের প্রশাসককে অবহিত করা হয়েছে। নিহত ছাত্রীর পরিবার মামলা না করায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে।
প্রসঙ্গত, গত ৩০শে মার্চ সন্ধ্যায় খুলনা জেলা পরিষদ ভবনের সামনে প্রাইভেটকারের ধাক্কায় রিকশা থেকে পড়ে মৃত্যুবরণ করেন মৌমিতা হালদার। তিনি আইন ডিসিপ্লিনের ২১ ব্যাচের শিক্ষার্থী হিসেবে স্নাতক সম্পন্ন করে বর্তমানে মাস্টার্সে অধ্যয়নরত ছিলেন।
সড়ক দুর্ঘটনায় মৌমিতার মৃত্যুর ঘটনায় খুবি প্রশাসনের মামলা
স্টাফ রিপোর্টার, খুলনা থেকে
৩ এপ্রিল (শুক্রবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
